ICC World Cup 2023: ১৯৭৫ থেকে ২০২৩, বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া পিতা-পুত্র জুটির তালিকা জেনে নিন
ICC World Cup 2023: কথায় আছে 'বাপকা বেটা সিপাইকা ঘোড়া', ক্রিকেট বিশ্বকাপে ইতিহাসে কিন্তু এই বাক্যটি নিছক প্রবাদ হয়েই থাকেনি, বাস্তবেও পরিণত হয়েছে। পিতার পথেই বাইশ গজে এসেছেন অনেক ক্রিকেটার, কিন্তু এদের মধ্যেও বেশ কয়েকজন আবার বিশ্বকাপেও খেলেছেন। ১৯৭৫ থেকে ২০২৩, বিশ্বকাপের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে কিছু বিরল নজির। যেখানে পিতার মতোই বিশ্বকাপে অংশ নিয়েছেন তাঁর পুত্রও।
১৯৭৫ সালে পূর্ব আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলেছিলেন ডন প্রিঙ্গল। তঁর পুত্র ডেরেক প্রিঙ্গলও বিশ্বকাপ খেলেছেন তবে পূর্ব আফ্রিকার হয়ে নয়, ইংল্যান্ডের জার্সিতে। ১৯৮৭ এবং ১৯৯২ সালে দুটি বিশ্বকাপ খেলেছেন ডেরেক। ভারতীয় দলেও আছে এমন উদাহরণ।বর্তমান বিসিসিআই সভাপতি রজার বিনি ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তাঁর পুত্র স্টুয়ার্ট বিনিও ২০১৫ সালে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন।

বর্তমান ইংল্যান্ড দলের অলরাউন্ডার স্যাম কুরান এবং তার পিতা কেভিন কুরানও রয়েছেন এই বিশেষ তালিকায়। স্যাম কুরান ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেললেও, তার পিতা কেভিন কুরান খেলেছেন জিম্বাবোয়ের জার্সিতে। ১৯৮৩ এবং ১৯৮৭ বিশ্বকাপে জিম্বাবোয়ের হয়ে খেলেছিলেন কেভিন। এমনকি কেভিনের আরও এক পুত্র টমও ইংল্যান্ডের হয়ে ২০১৯ বিশ্বকাপের খেলেছেন। অর্থ্যাত এক পরিবারে তিন জন বিশ্বকাপ খেলেছেন। এমন নজির ক্রিকেট বিশ্বকাপে সত্যিই বিরল।
ইংল্যান্ড দলে পারিবারিক বিশ্বকাপ খেলার ইতিহাস আরও আছে। পেসার স্টুয়ার্ট ব্রড, ২০০৭, ২০১১ এবং ২০১৫ তিনটি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।তাঁর পিতা ক্রিস ব্রড ১৯৮৭ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্টুয়ার্ট। তিনি অন্যদিকে বর্তমানে একজন ম্যাচ রেফারি হিসাবে নিযুক্ত আছেন ক্রিস ব্রড।

চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ড উইকেটরক্ষকও টম ল্যাথাম এবং তার পিতা রড ল্যাথামও রয়েছেন ওই তালিকায়। এই নিয়ে তিনটি বিশ্বকাপে কিউয়িদের হয়ে প্রতিনিধিত্ব করছেন টম ল্যাথাম। তাঁর পিতা রড ল্যাথাম ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। অর্থ্যাত পিতা পুত্র দুইজনেই দেশের হয়ে বিশ্বকাপে খেলেছেন।
অস্ট্রেলিয়া দলেও আছে পারিবারিকভাবে বিশ্বকাপ খেলার নজির। জিওফ মার্শ ১৯৮৭ সালে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তাঁর দুই সুযোগ্য পুত্র শন এবং মিচেল মার্শও অস্ট্রেলিয়ার জার্সিতে বিশ্বকাপ খেলেছেন। মিচেল ২০১৫ সালে অজি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন, বর্তমান বিশ্বকাপে অজি ব্রিগেডের সদস্যও তিনি, অন্যদিকে শন খেলেছেন ২০১৯ বিশ্বকাপ।













Click it and Unblock the Notifications