ICC World Cup 2023: টিকিট নিয়ে সিএবিতে বিক্ষোভের পারদ চড়ছে, তৃণমূল-জয় শাহকে নিশানা করে পথে নামল কংগ্রেসও
ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৪৮ ঘণ্টা আগেও টিকিট নিয়ে বিক্ষোভ অব্যাহত সিএবির সামনের। বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে থেকেই সদস্যদের মধ্যে টিকিট নিয়ে অসন্তোষ জারি ছিল। রবিবার মেগা ম্যাচের আগে সেই মাত্রাই চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে দফায় দফায় টিকিট না পেয়ে বঙ্গ ক্রিকেটের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সিএবির সদস্যরা। শুক্রবার এই ঘটনায় লাগল রাজনীতির রঙও।
শুক্রবার দুপুরে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতৃত্বে একটি বিক্ষোভ প্রদর্শনে আয়োজন করা হয় ইডেনের সামনে। এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায় সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা। ইডেনে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৬৫ হাজার টিকিট কোথায় গেল তা প্রকাশ্যে আনার দাবিও তোলেন কংগ্রেস নেতৃবৃন্দ।

বিক্ষোভের আশঙ্কায় গত কয়েকদিন ধরেই সিএবিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল। কংগ্রেসের বিক্ষোভকারীদের বেশি সময় সিএবির সামনে দাঁড়াতে দেয়নি পুলিশ। কংগ্রেসের কর্মীরা গোষ্ঠপাল সরণীতে বিক্ষোভ শুরু করেন। কংগ্রেস নেতৃত্ব এই বিক্ষোভ থেকে দাবি করেন, ইডেনে ৬৫ হাজার টিকিট কাদের দেওয়া হল সেটা সিএবি সভাপতিকে জানাতে হবে। একইসঙ্গে কীভাবে জয় শাহ ম্যাচের ৫০% টিকিট নিয়ে গেলেন সেটাও প্রকাশ্যে আনার দাবি করেন।
আগামী রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা । সেই ম্যাচের টিকিট নিয়ে ময়দানে রীতিমতো হাহাকার। চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। টিকিটের কালোবাজারির মতো অভিযোগ সামনে এসেছে। এনিয়ে দফায় দফায় বিক্ষোভ হয়েছে সিএবি-তে। আজীবন সদস্যপদ থাকলেও সকলে টিকিট পাননি, এই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন সদস্যরা।
এরইমধ্যে ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একটি বাংলা বৈদ্যুতিন মাধ্যমের খবর অনুসারে, টিকিট নিয়ে ময়দান থানার পর এন্টালি থানাতেও কলকাতা পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সিএবি সভাপতি টিকিট নিয়ে বলেন, 'এই ম্যাচের ৫০% টিকিট আমাদের হাতে আছে। বাকি ৫০% বোর্ডের হাতে। বুক মাই শো বোর্ড দ্বারা নিযুক্ত টিকিট বিক্রিকারী সংস্থা। ফলে সিএবির কোনও ভূমিকা নেই। আমরা ক্লাবদেরই পর্যাপ্ত টিকিট দিতে পারিনি, অল্প টিকিট নিয়ে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়।’












Click it and Unblock the Notifications