ICC U-19 WC: পাকিস্তানকে ছিটকে বিশ্বকাপ ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া, দাদাদের হয়ে বদলার সুযোগ ভাইদের
ICC Under-19 World Cup: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ হলো না। সম্ভাবনা অবশ্য তৈরি হয়েছিল। যদিও শেষ অবধি বেনোনিতে রবিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াই।
আজ দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। উদয় সাহারানের নেতৃত্বাধীন ভারতীয় দল আজ বেনোনিতে অনুশীলনও সেরেছে।

বেনোনির উইলোমুর পার্কে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। পাকিস্তান ৪৮.৫ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যায়। আজান আওয়েস ও আরাফত মিনহাস দুজনেই ৫২ রান করে আউট হন। ৯.৫ ওভারে ১টি মেডেন-সহ ২৪ রান খরচ করে ছয় উইকেট নেন ডানহাতি মিডিয়াম পেসার টম স্ট্র্যাকার।
জবাবে খেলতে নেমে ৪৬ ওভারে ১৬৪ রানে নয় উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। হ্যারি ডিক্সন ৫০ ও অলিভার পিক ৪৯ রান করেন। শেষ অবধি অস্ট্রেলিয়া ফাইনালে পৌঁছে যায় রাফ ম্যাকমিলান ও ক্যালাম ভিডলারের ব্যাটে ভর করে। ম্যাকমিলান ২৯ বলে ১৯ ও ভিডলার ৯ বলে ২ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের হয়ে ২টি মেডেন-সহ ১০ ওভারে ৩৪ রান খরচ করে চার উইকেট নেন আলি রাজা। আরাফত মিনহাস নেন ২টি উইকেট। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে খেলেছিল ভারত। সেবার ৬৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতেছিল পৃথ্বী শ-র নেতৃত্বাধীন ভারত।
২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সর্বশেষ সংস্করণে ভারত ১৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে খেতাব জিতেছিল। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শেষ জিতেছে ২০১০ সালে, পাকিস্তানকে হারিয়ে। ২০১২ সালের বিশ্বকাপের ফাইনালে অজিদের ১৪ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উন্মুক্ত চাঁদের নেতৃত্বাধীন ভারত।
গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে সেমিফাইনাল অবধি অপরাজেয় থেকে রোহিত শর্মার ভারত অজিদের কাছে হেরে গিয়েছিল ফাইনালে। দাদাদের সেই কাপ অধরা থাকার মধুর প্রতিশোধ নিয়ে কাপ দখলে রাখার সুযোগ উদয় সাহারানদের সামনে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে ৫ বার। ২০০০ সালে মহম্মদ কাইফের নেতৃত্বাধীন ভারত চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে। এরপর ২০০৭ সালে বিরাট কোহলির ভারত ডাকওয়ার্থ-লুইস মেথডে নিউজিল্যান্ডকে ১২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১২ সালের পর ভারত কাপ জেতে ২০১৮ ও ২০২২ সালে।
সর্বশেষ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত কাপ জেতে যশ ঢুলের নেতৃত্বে। যুব ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ মিলিয়ে অজিরা চ্যাম্পিয়ন হয়েছি ৩ বার।












Click it and Unblock the Notifications