ICC T20 World Cup 2024: আইসিসির ভেন্যু পরিদর্শন, টি টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ প্রকাশ্যে
ICC T20 World Cup 2024: একদিনের বিশ্বকাপের সূচি নিয়ে জটিলতা এখনও কাটেনি। একমাস আগেই বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছে। কিন্ত বেশ কয়েকটি দেশ সূচি নিয়ে আপত্তি জানিয়েছে। ওডিআই বিশ্বকাপের আবহেই প্রকাশ্যে চলে এল টি টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে ২০২৪ সালের ৪ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩০ জুন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। আগামী কয়েক মাসের মধ্যেই দিনক্ষণ এবং বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত হয়ে যেতে পারে।

প্রতিবেদন অনুসারে, আইসিসির একটি প্রতিনিধিদল এই সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের বাছাই করা পাঁচটি ভেন্যু পরিদর্শন করেছে। এই জায়গাগুলো প্রথমবারের জন্য আইসিসি ইভেন্টের ম্যাচ আয়োজন করবে। এর মধ্যে রয়েছে মরিসভিল, ডালাস এবং নিউ ইয়র্কের পাশাপাশি ফ্লোরিডার লডারহিল। এরমধ্যে বেশ কয়েকটি স্টেডিয়াম এখনও আইসিসির আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে।
টি টোয়েন্টি বিশ্বকাপের নবম এই সংস্ককরনে আয়োজক দেশ হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এর আগে শীর্ষ দশে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেদারল্যান্ডস সরাসরি জায়গা করে নেয় মূল পর্বে।
এরপরে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি নতুন করে নাম লিখিয়েছে। বিশ্বকাপে প্রথমবার যোগ্যতা অর্জন করেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দ্বীপ রাষ্ট্র।

বিশ্বকাপে এখনও পাঁচটি দলের যোগ্যতা অর্জন করা বাকি আছে। এর মধ্যে একটি দল আমেরিকার যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠবে। বাকি চারটি জায়গায় আসবে এশিয়া এবং আফ্রিকার দু'টি করে দল। আমেরিকার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি হবে বারমুডায়। এশিয়ার ম্যাচগুলি হবে নেপালে এবং আফ্রিকার ম্যাচগুলি নামিবিয়াতে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল খেলবে। ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকার মাঠে ম্যাচগুলি হবে।আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটি দেশের মোট ১০টি ভেন্যুতে হবে। যা আগামী কয়েক মাসের মধ্যে চূড়ান্ত করা হবে। পরের মাসগুলিতে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এবং ইউএসএ ক্রিকেট (ইউএসএসি) এর সঙ্গে আইসিসি, ভেন্যুগুলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
শেষবার ২০২২ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল অস্ট্রেলিয়াতে। চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এই প্রথমবার মার্কিন মুলুকে আইসিসির কোনও মেগা ইভেন্ট বসতে চলেছে।












Click it and Unblock the Notifications