ICC Events: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ফাইনাল ইংল্যান্ডেই, ২০২৭ অবধি আইসিসির কোন প্রতিযোগিতাগুলি ভারতে?
ICC Events: চলতি বছর আইসিসির দুটি ইভেন্ট রয়েছে। একটি পুরুষদের টি২০ বিশ্বকাপ। জুন মাসে যা হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। অপরটি মহিলাদের টি২০ বিশ্বকাপ। যা অক্টোবর-নভেম্বরে হবে বাংলাদেশে।
আইসিসির এক বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, আগামী তিন বছরে আইসিসির কোন প্রতিযোগিতা কোন দেশে এবং কোন সময়ে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য মহিলাদের টি২০ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রবর্তন।

পুরুষদের চ্য়াম্পিয়ন্স ট্রফি ২০১৭ সালে শেষবার হয়েছিল। ফের তা আইসিসি চালু করতে চলেছে। আগামী বছর যা হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সেই টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান হলেও, শেষ অবধি তা অন্য দেশে সরতে পারে, কিংবা হাইব্রিড মডেলে হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
২০২৫ সালের জানুয়ারিতে রয়েছে মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপ। এই প্রতিযোগিতাটি হবে মালয়েশিয়াতে। এরপর আগামী বছরের জুনে ইংল্যান্ডে হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণের ফাইনাল। আগের দুটি ফাইনালও হয়েছিল ইংল্যান্ডে। দুটিতেই ভারতকে হারিয়ে জেতে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
আগামী বছরের অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। ২০২৬ সালেও রয়েছে ক্রিকেটের বড় কয়েকটি ইভেন্ট। যার শুরুটা হবে পুরুষদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ দিয়ে। জানুয়ারি মাসে তা হবে জিম্বাবোয়ে ও নামিবিয়ায়। বর্তমানে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চলছে দক্ষিণ আফ্রিকায়।
২০২৬ সালের জুনে মহিলাদের টি২০ বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ডে। ওই বছরেরই অক্টোবর ও নভেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় বসবে পুরুষদের টি২০ বিশ্বকাপের আসর। ২০২৭ সালে অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি২০ বিশ্বকাপ হবে বাংলাদেশ ও নেপালে, এই ইভেন্টটি হবে জানুয়ারিতে।
২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কায় হওয়ার কথা রয়েছে মহিলাদের টি২০ চ্যাম্পিয়ন্স ট্রফি। জুনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ সংস্করণের ফাইনাল হবে ইংল্যান্ডে। ২০২৭ সালে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে। বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে।












Click it and Unblock the Notifications