ICC CWC 2023: শুভমান, বিরাটের পর শতরান হাতছাড়া শ্রেয়সের, শ্রীলঙ্কাকে ৩৫৮ রানের টার্গেট দিল ভারত
ICC CWC 2023: চলতি বিশ্বকাপে সাতে সাত করার সম্ভাবনা জোরদার করল ভারত। আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলঙ্কা। ভারত প্রথম ওভারের ধাক্কা সামলে ৫০ ওভারে তুলল ৮ উইকেটে ৩৫৭ রান।
শুভমান গিল, বিরাট কোহলির পর আগ্রাসী ব্যাটিং চালাতে গিয়ে শতরান মাঠে ফেলে এলেন শ্রেয়স আইয়ার। দিলশান মাদুশঙ্কা পাঁচ উইকেট দখল করে চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী।

প্রথম পাওয়ারপ্লে-র শেষে ১০ ওভারে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৬০। ১১ থেকে ৪০ ওভারের মধ্যে দ্বিতীয় পাওয়ারপ্লেতে ভারত তোলে ২০৪ রান, তিন উইকেটের বিনিময়ে। তৃতীয় পাওয়ারপ্লেতে শেষ ১০ ওভারে ভারত ৪ উইকেট খুইয়ে তোলে ৯৩ রান। ১১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৯২ বলে সর্বাধিক ৯২ রান করেন শুভমান গিল।
বিরাট কোহলি ১১টি বাউন্ডারির সৌজন্যে ৯৪ বলে ৮৮ রান করলেন। বিরাট ও শুভমান দ্বিতীয় উইকেট জুটিতে ১৮৯ রানের পার্টনারশিপ গড়েন। শ্রেয়স আইয়ার তিনটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫৬ বলে ৮২ রানের ইনিংস খেলেন। রোহিত শর্মা প্রথম বলে চার মারার পরের বলেই বোল্ড হয়েছিলেন। তাঁর নামের পাশে ২ বলে ৪ রান।
৪ রানে প্রথম উইকেট পড়ার পর ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ৩০ ওভারে ১৯৩ রানের মাথায়। লোকেশ রাহুল ১৯ বলে ২১, সূর্যকুমার যাদব ৯ বলে ১২ রান করেন। রবীন্দ্র জাদেজা শেষ বলে রান আউট হওয়ার আগে ২৪ বলে ৩৫ রান করেন। একটি করে চার ও ছয় মেরেছেন তিনি। মহম্মদ শামি ২ রান করে রান আউট হন। জসপ্রীত বুমরাহ ১ রানে অপরাজিত থাকেন।
আজ পাঁচ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী হলেন দিলশান মাদুশঙ্কা। তাঁর ঝুলিতে আপাতত ১৮টি উইকেট। অ্যাডাম জাম্পা, শাহিন শাহ আফ্রিদি ও মার্কো জানসেন ১৬টি করে উইকেট নিয়েছেন। ১৪টি করে উইকেট রয়েছে জসপ্রীত বুমরাহ, জেরাল্ড কোয়েটজি ও মিচেল স্যান্টনারের।
মাদুশঙ্কা ১০ ওভারে ৮০ রান খরচ করে পাঁচ উইকেট পেলেন। ২টি মেডেন-সহ ১০ ওভারে ৭১ রান দিয়ে ১ উইকেট নেন দুষ্মন্ত চামিরা। কাসুন রাজিথা ৯ ওভারে ৬৫, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৩ ওভারে ১১, মাহিশ থিকশানা ১০ ওভারে ৬৭ ও দুশান হেমন্ত ৮ ওভারে ৫২ রান দিয়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications