ICC CWC 2023: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে চিন্তায় রাখল ক্যামেরন গ্রিনের কনকাসন, সুযোগ পেয়েই ছন্দে লাবুশেন
ICC CWC 2023: আইসিসি বিশ্বকাপের প্রস্তুতিতে অস্ট্রেলিয়ার পরিকল্পনা ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকার মাটিতে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকায় ৫ ম্যাচের একদিনের সিরিজ খেলছে। তারপর তিনটি ওডিআই খেলবে ভারতে।
বিশ্বকাপের প্রাথমিক দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই দলে ২৮ সেপ্টেম্বর অবধি রদবদল করা যাবে। এরই মধ্যে অজি টিম ম্যানেজমেন্টের অস্বস্তি বাড়াল ক্যামেরন গ্রিনের কনকাসন।

বৃহস্পতিবার প্রথম একদিনের আন্তর্জাতিকে কাগিসো রাবাডার বল মাথায় লাগে গ্রিনের। এরপর তিনি মাঠের বাইরে চলে যান। অস্ট্রেলিয়া দলের তরফে জানানো হয়েছে, আট দিনের যে কনকাসন প্রোটোকল রয়েছে তা মানতে হবে গ্রিনকে। তাঁর চোট ও ফিটনেসের দিকে নজর রাখবেন অস্ট্রেলিয়া দলের চিকিৎসকরা।
কাল অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপর ম্যাচ রয়েছে যথাক্রমে সেপ্টেম্বরের ১২, ১৫ ও ১৭ তারিখ। ফলে গোটা সিরিজেই ক্যামেরন গ্রিন খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। কেন না, নিয়ম অনুযায়ী চতুর্থ একদিনের আন্তর্জাতিক যেদিন রয়েছে সেদিন অবধি কনকাসন প্রোটোকল মেনে চলতে হবে গ্রিনকে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও স্টিভ স্মিথের কব্জিতে চোট রয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলের গোড়ালি ও মিচেল স্টার্কের কুঁচকিতে চোট। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন মিচেল মার্শ। তিনি আউট হওয়ার পর চারে ব্য়াট করতে নেমেছিলেন গ্রিন। দ্বিতীয় বলটিই মাথায় লাগে। তার আগে গ্রিন বল হাতে পেয়েছিলেন ১ উইকেট।
অস্ট্রেলিয়ার টার্গেট ছিল ২২৩ রানের। অজিদের স্কোর যখন ৫ উইকেটে ৭২ তখন কনকাসন পরিবর্ত হিসেবে নামানো হয় মার্নাস লাবুশেনকে। একটা সময় অস্ট্রেলিয়ার সপ্তম উইকেট পড়ে যায় ১১৩ রানে। তারপর অবশ্য অজিদের কোনও উইকেট খোয়াতে হয়নি। ৯৩ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন লাবুশেন। ৪৮ রানে অপরাজিত থাকেন অ্যাশটন অ্যাগার।
গ্রিনের চোট বড় সুযোগ এনে দিল লাবুশেনের সামনে। আসন্ন ম্য়াচগুলিতেও তিনি যদি ভালো খেলেন তাহলে বিশ্বকাপের দলে শেষ মুহূর্তে ঢোকার সম্ভাবনা বেড়ে যাবে। বাকিটা নির্ভর করছে চোট থাকা ক্রিকেটাররা কত দ্রুত ফিট হয়ে উঠতে পারেন। স্মিথ চোটের কারণে ছিটকে যেতেই দলে ঢোকেন লাবুশেন। গ্রিনের চোট লাগায় নিজেকে দারুণভাবে মেলে ধরলেন।












Click it and Unblock the Notifications