ভারতের জঘন্য বোলিংয়ে জলে গেল কোহলি-ঋতুরাজের শতরান, মার্করামের সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
৩৫৮ রান তুলেও এই নিয়ে দ্বিতীয়বার কোনও একদিনের আন্তর্জাতিকে পরাস্ত হলো ভারত। মেন ইন ব্লুকে চার বল বাকি থাকতে চার উইকেটে হারিয়ে রায়পুরে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।
বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড় শতরান হাঁকিয়েছিলেন। যদিও তাতে ভারত জিততে পারল না। দক্ষিণ আফ্রিকার জয়ে বড় ভূমিকা নিল এইডেন মার্করামের শতরান।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ৫ উইকেটে ৩৫৮ রান। বিরাট কোহলি ৯৩ বলে ১০২ ও ঋতুরাজ গায়কোয়াড় ৮৩ বলে ১০৫ রান করেন। লোকেশ রাহুল ৪৩ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন।
যশস্বী জয়সওয়াল ৩৮ বলে ২২, রোহিত শর্মা ৮ বলে ১৪, ওয়াশিংটন সুন্দর ৮ বলে ১ রান করেন। রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ২৭ বলে ২৪ রানে। মার্কো জানসেন ২টি এবং নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিডি একটি করে উইকেট পান। চোটের কারণে ৬.১ ওভারের বেশি বল করতে পারেননি বার্গার।
জবাবে খেলতে নেমে ৪৯.২ ওভারেই ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল দক্ষিণ আফ্রিকা। সফলভাবে রান তাড়া করার নিরিখে এটি তাদের তৃতীয় সর্বাধিক বড় জয়। এইডেন মার্করাম ১০টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৯৮ বলে ১১০ রান করে প্রোটিয়াদের জয়ের ভিত গড়ে দেন।
ম্যাথু ব্রিটজকে ৬৪ বলে ৬৮, ডেওয়াল্ড ব্রেভিস ৩৪ বলে ৫৪, অধিনায়ক তেম্বা বাভুমা ৪৮ বলে ৪৬, কুইন্টন ডি কক ১১ বলে ৮ রান করেন। হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়ার আগে টনি ডি জোর্জি করেন ১১ বলে ১৭। মার্কো জানসেন ২ বলে ২ রান করে আউট হন। করবিন বশ ১৫ বলে ২৯ ও কেশব মহারাজ ১৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন।
অর্শদীপ সিং ১০ ওভারে ৫৪ ও প্রসিদ্ধ কৃষ্ণ ৮.২ ওভারে ৮৫ রান দিয়ে দুটি করে উইকেট পান। হর্ষিত রানা ১০ ওভারে ৭০ রান খরচ করে নেন একটি উইকেট। কুলদীপ যাদব ১টি উইকেট পান, ১০ ওভারে ৭৮ রান দিয়ে। ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ২৮ ও রবীন্দ্র জাদেজা ৭ ওভারে ৪১ রান দিয়েছেন, উইকেট পাননি।
২০১৯ সালে মোহালিতে ৯ উইকেটে ৩৫৮ রান তুলে ১৩ বল বাকি থাকতে ৪ উইকেটে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ফের এদিন সেই ৩৫৮ রান তুলেও জয় ছিনিয়ে নিতে পারল না লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল। সিরিজ জেতার সুযোগও এদিন হাতছাড়া করল ভারত। শনিবার বিশাখাপত্তনমে সিরিজ নির্ণায়ক তৃতীয় তথা শেষ ওডিআই।












Click it and Unblock the Notifications