বিশ্বকাপ জয়ে হরমনপ্রীত মেয়েদের ক্রিকেটের কপিল! বাধা অতিক্রম করে কৌর বললেন এই তো শুরু

নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রবিবাসরীয় বিশ্বকাপ ফাইনালের আগে আইসিসি ইভেন্টে শেষ তিনটি সাক্ষাতে দক্ষিণ আফ্রিকার কাছে পরাস্ত হয়েছিল ভারত। কিন্তু ২০০৫ আর ২০১৭ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে উঠেও ট্রফি জিততে না পারার পুনরাবৃত্তি না হতে দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিল ভারত।

দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাস্ত করে চ্যাম্পিয়ন হলো ভারত। মহিলাদের ক্রিকেটে এই প্রথম বিশ্বকাপ এলো ভারতের ঘরে। ঠিক যেমন, ১৯৮৩ সালে লর্ডসে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল কপিল দেবের ভারত। ফলে প্রথমবার বিশ্বসেরা হয়ে হরমনপ্রীতই যেন কপিল!

২০১৭ সালে শেষবার ভারত মহিলাদের ওডিআই বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। এবারে ফাইনালের আগে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে রেকর্ড রান তাড়া করে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছিল হরমনপ্রীত অ্যান্ড কোং। রবিবারও ছিল কঠিন লড়াই। ২৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে নাছোড় থেকে শতরানও হাঁকান প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। যদিও শেষরক্ষা হয়নি।

দেশের প্রথম মহিলা অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতে হরমনপ্রীত বলেন, "আমরা তিন ম্যাচ হারার পরেও আত্মবিশ্বাস হারাইনি। আমরা জানতাম, পরিস্থিতি পাল্টানোর মতো বিশেষ কিছু আমাদের মধ্যে আছে। সবাই ইতিবাচক ছিলেন এবং দলের প্রতিটি সদস্য রাতদিন কঠোর পরিশ্রম করেছেন।" দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানান হরমনপ্রীত।

শেফালি ভার্মাকে বোলিংয়ে ডেকে হরমন বাজিমাত করেন। লরা এবং সুনে যখন ভালো খেলছিলেন, তখন তিনি শেফালিকে বোলিংয়ের সুযোগ দেন। ক্যাপ্টেনের অন্তর্দৃষ্টি কাজ করে। হরমনপ্রীত বলেন, "আমার মনে হয়েছিল, অন্তত একটি ওভার শেফালিকে দিয়ে দেখা দরকার। আর সেটাই আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল।"

শেফালি দলে যোগ দেওয়ার পর তাঁকে বলা হয়েছিল যে ২-৩ ওভার বোলিংয়ের প্রয়োজন হতে পারে। শেফালি তখন বলেছিলেন, "যদি আমাকে বোলিং দেওয়া হয়, আমি দশ ওভার বোলিং করব।" তাঁর এই ইতিবাচক মানসিকতা এবং দলের প্রতি দায়বদ্ধতাকে অধিনায়ক কুর্নিশ জানিয়েছেন।

ফাইনালে রান প্রসঙ্গে ক্যাপ্টেন বলেন, আজকের পিচ সম্পূর্ণ ভিন্ন ছিল। ফাইনালের জন্য এই স্কোর যথেষ্ট, কারণ ফাইনালে সব সময় একটু বাড়তি চাপ থাকে। তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের প্রশংসা করে বলেন, "দক্ষিণ আফ্রিকা সুন্দর ব্যাটিং করেছে। তবে শেষ মুহূর্তে তারা একটু ঘাবড়ে যায়, আর সেখানেই আমরা সুযোগটা কাজে লাগাই।"

দীপ্তি শর্মার সঠিক সময়ে উইকেট নেওয়াকেও টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "প্রতিটি বিশ্বকাপের পর আমরা সব সময়ই ভাবতাম, এই বাধা অতিক্রম করতে হবে। গত দু'বছর ধরে অমল স্যর দলের সঙ্গে ছিলেন এবং তিনি সব সময় আমাদের বিশেষ কিছু করার কথা বলে গিয়েছেন।"

সাপোর্ট স্টাফ এবং বিসিসিআইকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান ভারত অধিনায়ক। তিনি বলেন, দলে খুব বেশি পরিবর্তন করা হয়নি এবং বিসিসিআই সবরকম সহযোগিতা করেছে। আমরা এই বাধা ভাঙতে চেয়েছিলাম এবং আমাদের পরবর্তী লক্ষ্য হলো এটিকে অভ্যাসে পরিণত করা। এই মুহূর্তের জন্য দল অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সামনে আরও অনেক বড় সুযোগ আসছে এবং দল উন্নতি চালিয়ে যেতে চায়। তিনি বলেন, "এটা শেষ নয়, মাত্র শুরু।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+