Hardik Pandya: হার্দিককে নিয়ে আশা-আশঙ্কার দোলাচল অব্যাহত, আইপিএলের আগেই মাঠে ফিরবেন পাণ্ডিয়া?
হার্দিক পাণ্ডিয়ার চোট নিয়ে জল্পনার অন্ত নেই। প্রতিদিনই নিত্য নতুন আপডেট পাওয়া যাচ্ছে পাণ্ডিয়াকে ঘিরে। শনিবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছিল আফগানিস্তান সিরিজের পাশাপাশি ২০২৪ সালের আইপিএলেও অনিশ্চিত ভারতীয় দলের তারকা অল রাউন্ডার। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া গেল আবার অন্য আপডেট। যা ভারতীয় দল এবং মুম্বই ইন্ডিয়ান্স শিবিরকে খুশি করবে।
রবিবার একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চোটের সমস্যা কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন পাণ্ডিয়া। আফাগনিস্তান সিরিজের আগে ফিট হয়ে উঠতে পারেন, এমনকি আসন্ন আইপিএলেও খেলবেন। এই খবর অবশ্যই খুশি করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও মুম্বই ইন্ডিয়ান্স শিবিরকে।

প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের পরে আফগানিস্তান আসবে ভারতের মাটিতে। আফগানরা তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারতের মাটিতে। সেই সিরিজেই ফিরতে পারেন হার্দিক। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এক সূত্র উল্লেখ করেন, "হার্দিক পাণ্ডিয়ার শারীরিক অবস্থা আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। ও এখন এনসিএ তে রয়েছে। পরিশ্রম করছে খুব, আশা করি দ্রুত ফিট হয়ে যাবে। আমরা আশাবাদী যে আফগানিস্তান সিরিজেই দেখা যাবে হার্দিককে।"
শনিবার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে ঘরের মাঠে শুধু আফগানিস্তান সিরিজেই নয়, আইপিএলেও হার্দিকের খেলা নিয়ে সংশয় আছে। বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে পায়ে চোট পান পাণ্ডিয়া।এরপর মাঠের বাইরে রয়েছেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার।
এই প্রসঙ্গে সূত্রটি জানিয়েছেন, 'হার্দিক দ্রুত ফিট হয়ে উঠছেন এবং আইপিএলেও খেলতে পারবেন। আমরা প্রতিদিন পাণ্ডিয়াকে পর্যবেক্ষণে রেখেছি। ও সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারে আফগানিস্তান সিরিজের আগেই।'
প্রসঙ্গত, আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। চোটের জন্য এই সিরিজে খেলতে পারবেন না সূর্যকুমার যাদব। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে খেলতে নেমে তিনিও গোড়ালিতে চোট পেয়েছেন। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি তিনিও সুস্থ হতে পারবেন না।
এনসিএ সূত্র জানিয়েছেন, 'সূর্যকুমারের ফিট হতে ছয় থেকে সাত সপ্তাহ সময় লাগবে। ও সদ্য দেশে ফিরেছে। আগামী সপ্তাহে বেঙ্গালুরুর এনসিএ-তে রিপোর্ট করবে।'
মুম্বই ইন্ডিয়ান্স সম্প্রতি হার্দিক পান্ডিয়াকে আইপিএল ২০২৪ মরসুমের জন্য তাদের অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে। এভাবেই রোহিত শর্মার ১০ বছরের নেতৃত্বের মেয়াদও শেষ হয়। যা নিয়ে বিতর্ক কম হয়নি।












Click it and Unblock the Notifications