নিউজিল্যান্ডের বিরুদ্ধে চমকপ্রদ পরিসংখ্যানে এগিয়ে ভারত! জানুন দুই দলের সম্ভাব্য একাদশ

কাল দুবাইয়ে টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এই ম্যাচ শুরুর আগেই দুই দলই কিছুটা চাপে থাকবে কারণ আফগানিস্তান অঘটন না ঘটলে নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয় জয় ছিনিয়ে নেবে। ফলে ভারত ও নিউজিল্যান্ড দুই দলই শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখতে এই ম্যাচ জিততে বদ্ধপরিকর থাকবে। ২০১৬ সাল পর্যন্ত নিউজিল্যান্ড ভারতের কাছে টি ২০ হারেনি। তবে ২০১৬ সালের পর থেকে ১১টির মধ্যে হেরেছে ৮টিতেই। ফলে কালকের লড়াই তুল্যমূল্য হতে চলেছে।

৫ বছরের চমকপ্রদ পরিসংখ্যানে এগিয়ে ভারত

গত বছর নিউজিল্যান্ড সফরে টি ২০ সিরিজে ভারত ৫-০ ব্যবধানে জিতেছিল। যদিও চলতি বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়েই খেতাব অধরা থাকে বিরাট কোহলিদের। টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ভারতের কাছে হারেনি। ২০০৩ সালের বিশ্বকাপের পর থেকে বিশ্বকাপের আসরেও কিউয়ি বধ সারতে পারেনি ভারত। ২০১৯ সালের বিশ্বকাপে বিরাট কোহলিরা ছিটকে গিয়েছিলেন কেন উইলিয়ামসনের দলের কাছে হেরেই। যদিও তারপরও ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ জয়ের স্বাদ মেটাতে পারেননি কেন উইলিয়ামসন। টি ২০ বিশ্বকাপ জিতে পরপর দুটি আইসিসি খেতাব পকেটে পুরতে নিউজিল্যান্ডের কাছে কালকের ম্যাচ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই টি ২০ বিশ্বকাপেই দেশকে এই ফরম্যাটে শেষবার নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। রবি শাস্ত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দলের কোচিং স্টাফও এই বিশ্বকাপের পর বদলে যাবে। ফলে কাপ জয়ের আশা জিইয়ে রাখতে কিউয়িদের বিরুদ্ধে মধুর প্রতিশোধই নিতে চাইছে ভারত।

গতকাল অনুশীলন না করলেও আজ দুবাইয়ের আইসিসি আকাদেমিতে অনুশীলন করেছে ভারতীয় দল। হার্দিক পাণ্ডিয়ার দিকেই ছিল সকলের নজর। ফিজিও নীতীন প্যাটেল এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেশাইয়ের তত্ত্বাবধানে হার্দিকের দীর্ঘক্ষণ ফিটনেস ড্রিল চলে। তিনি নেটে কিছুক্ষণ বোলিংও করেছেন। এদিনই বিরাট কোহলি দলের ষষ্ঠ বোলিং অপশন নিয়ে বলেছেন, আমি বা হার্দিক এক-দুই ওভার বল করব টি ২০ বিশ্বকাপে। তবে কালকের ম্যাচে হার্দিক বোলিং করতে পারবেন না বলেই ইঙ্গিত দেন বিরাট। এমনকী প্রথমে বোলিং করলে পাকিস্তানের বিরুদ্ধে তিনি নিজে হাত ঘোরাতেন বলেও জানান বিরাট। এদিনের অনুশীলনে ঋষভ পন্থকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান মহেন্দ্র সিং ধোনি। কিপিংয়ের কিছু কৌশল দেখানোর পাশাপাশি দুজনকে আলাদাভাবে কথা বলতেও দেখা যায়। ভারতীয় দলের প্রথম একাদশে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। ভুবনেশ্বর কুমারের জায়গায় শার্দুল ঠাকুরকে খেলানোর সম্ভাবনা রয়েছে। ঈশান কিষাণকে কোনওভাবে প্রথম একাদশে রাখা হয় কিনা সেদিকেও নজর থাকছে। রবিচন্দ্রন অশ্বিনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও বিরাট কোহলি কী দল নিয়ে নামবেন তা টসের আগে ছাড়া বোঝাও দুষ্কর।

দুবাইয়ে চলতি বছর ১৯টি ম্যাচের মধ্যে ১৫ বারই রান তাড়া করে জিতেছে বিভিন্ন দল। তাই কালকের ম্যাচে টস জিতলে ফিল্ডিংই নিতে পারেন সংশ্লিষ্ট অধিনায়ক। ভারতের মতোই নিউজিল্যান্ডও টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম জয় ছিনিয়ে নিতে মরিয়া। নিউজিল্য়ান্ডও হেরেছে পাকিস্তানের কাছেই। পাকিস্তান ম্যাচে ব্যাটিংয়ের সময় পায়ের পাতায় চোট পেয়েছিলেন মার্টিন গাপটিল। তবে ভারতের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন। লকি ফার্গুসন চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন। আইসিসির অনুমোদন না মেলায় নিউজিল্যান্ড অ্যাডাম মিলনেকে খেলাতে পারেনি। তবে মিলনে কাল ভারতের বিরুদ্ধে কিউয়ি দলে এলে নিঃসন্দেহে জোরে বোলিং দিয়ে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন। ট্রেন্ট বোল্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছেন শাহিন শাহ আফ্রিদির মতো বোলিং করে ভারতের ইনিংসের শুরুর দিকেই কিছু উইকেট তুলে নেওয়ার। বোল্ট, সাউদি ও মিচেল স্যান্টনার টি ২০-তে রোহিত শর্মাকে তিনবার করে আউট করেছেন। আবার নিউজিল্যান্ডে কিউয়িদের ৫-০ ব্যবধানে টি ২০ সিরিজ হারানোয় রোহিতের দুটি হাফ সেঞ্চুরির অবদান ছিল। এমনকী সুপার ওভারেও রোহিতের ব্যাটে ভর করেই জিতেছিল ভারত। মহম্মদ শামি আবার কেন উইলিয়ামসনকে টি ২০-তে ৩৭ বলের মধ্যে চারবার আউট করেছেন।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর বা ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, টিম সেইফার্ট (উইকেটকিপার), মিচেল স্যান্টনার, টিম সাউদি বা অ্যাডাম মিলনে, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+