সিপিএল ২০২০ : পুরানের শতরানে গায়ানা অ্যামাজনের দাপুটে জয়, সেন্ট কিটসের ভরাডুবি
সিপিএল ২০২০ : পুরানের শতরানে গায়ানা অ্যামাজনের দাপুটে জয়, সেন্ট কিটসের ভরাডুবি
নিকোলাস পুরানের ঝড়ো শতরানের সৌজন্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটট্রিয়টসের বিরুদ্ধে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ ৭ উইকেটে জিতল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এই দাপুটে জয়ের পর সিপিএলে ৭ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ক্রিস গ্রিনের দল। অন্যদিকে পরপর হেরেই চলা সেন্ট কিটস সমপরিমাণ ম্যাচ খেলে মাত্র ২ পয়েন্ট নিয়ে সিপিএল তালিকার সর্বশেষ বা ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে হওয়া এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাটট্রিয়টস। পরাজিত দলের হয়ে সর্বাধিক ৪৬ বলে ৫৯ রান করেন জসুয়া ডি সিলভা। ৩০ বলে ৩৭ রান করেন উইকেটরক্ষক দীনেশ রামদিন। অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ২ উইকেট নেন অধিনায়ক ক্রিস গ্রিন। ১টি করে উইকেট নেন কে সিনক্লেয়ার ও রোমারিও শেফার্ড।
জবাবে গায়ানা অ্যামাজনের শুরুটা মোটেই ভালো হয়নি। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারায় ক্রিস গ্রিনের দল। দ্রুত সাজঘরে ফিরে যান ওপেনার ব্রেন্ডন কিং (১৪), কেভিন সিনক্লেয়ার (৫) ও শিমরোন হেটমায়ার (১)। আর সেখান থেকেই শুরু হয় ওয়ান ম্যান শো। ৪৫ বলে ১০০ রানের অপরাজিত এবং বিধ্বংসী ইনিংস খেলে সেন্ট কিটসের সব পরিকল্পনা একাই ভেস্তে দেন উইকেটরক্ষক নিকোলাস পুরান। দশটি ছক্কা ও চারটি চার দিয়ে সাজানো তাঁর ইনিংসে মজে গিয়েছে ক্রিকেট বিশ্ব। উল্টোদিকে কার্যত কেবল দাঁড়িয়ে থেকে পুরানকে যোগ্য সঙ্গত করে গিয়েছেন অভিজ্ঞ রস টেলর (অপরাজিত ২৫)।
১৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা অ্যামাজন। সেন্ট কিটসের হয়ে ২ উইকেট নেন জন-রাস জাগ্গেসার। ১টি উইকেট নেন আলজারি জোসেফ। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার নিকোলাস পুরান ছাড়া আর কেই বা পেতে পারেন।












Click it and Unblock the Notifications