IND vs BAN: বাংলাদেশের নাহিদকে সামলাতে বিশেষ অনুশীলন ভারতের, নেটে ডাক পড়ল পাঞ্জাবের পেসারের
IND vs BAN: চেন্নাইয়ে শুরু হয়েছে ভারতীয় দলের শিবির। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আজ টানা দ্বিতীয় দিন চুটিয়ে অনুশীলন চলল। শিবিরে প্র্যাকটিস দিন চারেক ধরে চলার কথা।
ভারতীয় দলের নেটে দেখা গেল পাঞ্জাবের পেসার গুরনুর ব্রারকে। বাংলাদেশের নাহিদ রানার বোলিং মোকাবিলা করতে অনুশীলনে গুরনুরকে সামলাচ্ছেন ভারতীয় ব্যাটাররা।

ম্যাচের পরিস্থিতি তৈরি করে সেইমতো অনুশীলনের ধারা অব্যাহত গৌতম গম্ভীরের জমানাতেও। নেট বোলারদের পরিস্থিতি বুঝিয়ে দেওয়া হচ্ছে। সেইমতো খেলতে হচ্ছে ব্যাটারদের। ভারতের শিবিরে চমক অবশ্যই গুরনুর। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচটি ম্যাচ খেলেছেন। গত মরশুমে ছিলেন পাঞ্জাব কিংসে। আহামরি পারফরম্যান্স নেই।
কিন্তু গৌতম গম্ভীর-সহ ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করছে নাহিদের বোলিং সামলানোর ক্ষেত্রে গুরনুরকে নেটে খেললে উপকৃত হবেন ব্যাটাররা। বছর চব্বিশের গুরনুরের উচ্চতা ৬ ফুট সাড়ে চার ইঞ্চি। দারুণ গতিতে বল করতে পারেন। যেমন নাহিদ ঘণ্টায় দেড়শো কিলোমিটারের আশেপাশে বল করতে পারদর্শী। নজর কেড়েছেন পাকিস্তান সফরে।
নাহিদের মতোই দীর্ঘদেহী গুরনুরের হাই আর্ম অ্যাকশন। নাহিদের উচ্চতা সাড়ে ৬ ফুট। ফলে ভালো বাউন্স আদায় করে নিতে পারেন। ভারতও দুই পেসার- মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে নিয়ে খেলতে পারে। কারণ, মনে করা হচ্ছে, চিপকের উইকেটে স্পিনারদের পাশাপাশি পেসাররাও কার্যকরী ভূমিকা পালন করবেন।
ভারতীয় দল আগামী অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে ঘূর্ণি পিচে টেস্ট খেলবে না বলেও জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে নাহিদকে গুরুত্ব দিচ্ছেন গম্ভীররা। ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মরকেল নেট বোলারদের পরামর্শ দিচ্ছেন তারকা ব্যাটারদের কীভাবে বোলিং করতে হবে।
রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলিং অ্যাকশন হিমাংশু সিংয়ের। তিনিও রয়েছেন চেন্নাইয়ে ভারতীয় দলের নেটে। তামিলনাড়ুর স্লো লেফট আর্ম বোলার এস অজিত রামও নেটে বোলিংয়ের জন্য ডাক পেয়েছেন। বুমরাহ ও সিরাজের তুলনায় এদিন নেটে বেশি বোলিং করেছেন আকাশ দীপ ও যশ দয়াল। কাল চেন্নাইয়ে পৌঁছবে বাংলাদেশ। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বাংলাদেশ দলের জন্য।












Click it and Unblock the Notifications