Wriddhiman Saha's New Car: ১২ বছর বয়সে দেখা স্বপ্ন এখন সত্যি! নতুন গাড়ি কিনে আবেগাপ্লুত ঋদ্ধিমান
Wriddhiman Saha: ঋদ্ধিমান সাহা আগামী মরশুমে ত্রিপুরা ছেড়ে বাংলায় খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক সাক্ষাতের পরেই বিষয়টি স্পষ্ট হয়েছিল।
আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলা ঋদ্ধিমান এই মুহূর্তে বেঙ্গল প্রো টি২০ লিগে খেলছেন। তারই মধ্যে কিনে ফেললেন নতুন গাড়ি। যা নিয়ে তিনি রীতিমতো আবেগাপ্লুত।

ঋদ্ধিমান সাহাকে বাংলায় ফেরত আনার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়। ঋদ্ধির স্ত্রী দেবারতি (রোমি)-ও তেমনটা চাইছিলেন। সৌরভের ঘনিষ্ঠ বন্ধু তথা সিএবি কর্তা সঞ্জয় দাস বিশেষ উদ্যোগ নেন। মূলত সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাসের অনভিপ্রেত মন্তব্যে ঋদ্ধি বাংলা ছেড়েছিলেন।
যে দেবব্রত দাস ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তিনি নিজেই এখন ম্যাচ গড়াপেটার অভিযোগে কোণঠাসা। বর্তমান টার্ম শেষ হলে তিনি সিএবি থেকেও বিতাড়িত হবেন। বাংলার ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, সৌরভ যেভাবে ঋদ্ধির বাংলায় প্রত্যাবর্তন নিশ্চিত করলেন তা যুগ্ম সচিবের গালে সপাটে থাপ্পড়।
মনোজ তিওয়ারি অবসর নিয়েছেন। ফলে বাংলাকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে সবচেয়ে যোগ্য ঋদ্ধিমানই। যদিও বাকি বিষয়টি নির্বাচকদের উপর। তাঁরা ঋদ্ধির অভিজ্ঞতায় আস্থা রেখে তেমন সিদ্ধান্ত নিতেই পারেন। এমনকী সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও বলেছিলেন, ঋদ্ধিকে ফেরানোর চেষ্টা করবেন। সেটা হয়েছে।
সুদীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋদ্ধিও ত্রিপুরা থেকে বাংলায় ফিরে এসেছেন। বেঙ্গল প্রো টি২০ লিগে ঋদ্ধি খেলছেন লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন রশ্মি মেদিনীপুর উইজার্ডসে। অভিমন্যু ঈশ্বরণ চোটের কারণে ছিটকে যাওয়ায় ঋদ্ধিকে এই দলে নেওয়া হয়েছে। উল্লেখ্য, লক্ষ্মীরতন বাংলা দলেরও কোচ।
বেঙ্গল প্রো টি২০ লিগে অবশ্য প্রথম ম্য়াচে সুদীপের নেতৃত্বাধীন রশ্মি মেদিনীপুর উইজার্ডস পরাস্ত হয়েছে। ২টি চারের সাহায্যে ২৯ বলে ২১ রান করেন ঋদ্ধিমান। চার নম্বরে খেলতে নেমেছিলেন। ২ ওভারে ১০ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর। এরপর আজ সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন ঋদ্ধিমান।
আইপিএলের পর পরিবার নিয়ে বিদেশে ঘুরতে গিয়েছিলেন। এবার তিনি কিনে ফেললেন নতুন গাড়ি। গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করে ঋদ্ধিমান লিখেছেন, ১২ বছর বয়স থেকে স্বপ্ন দেখেছিলাম বিএমডব্লিউ গাড়ি কেনার। সেই স্বপ্ন পূরণ হলো আমার কেরিয়ার শেষের কিছু আগে। বাড়িতে নতুন গাড়ি এনে একটাই উপলব্ধি, যাঁরা অপেক্ষা করতে পারেন তাঁদের ভালো কিছুই হয়। এই মুহূর্তটা আমার ও পরিবারের কাছে খুবই আবেগের এক মূহূর্ত।
ঋদ্ধির স্ত্রী ফেসবুক বার্তায় লিখেছেন, ঋদ্ধি ছোটবেলায় পড়ার টেবলের পাশে লিখে রেখেছিলেন একদিন কালো রংয়ের বিএমডব্লিউ কিনবেন। উল্লেখ্য, সেই কালো বিএমডব্লিউ-ই কিনলেন শিলিগুড়ির পাপালি। বিএমডব্লিউ এক্স ৭-এর মডেলের অন রোড প্রাইস কলকাতা ১.৪ কোটি থেকে ১.৫ কোটি টাকার আশেপাশে।












Click it and Unblock the Notifications