দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের ভারতীয় দল ঘোষিত, শর্তসাপেক্ষে গিল থাকলেও পন্থ পেলেন না সুযোগ
ফেব্রুয়ারিতে টি২০ বিশ্বকাপ। তার আগে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে ভারত।
মনে করা হচ্ছে, টি২০ বিশ্বকাপে যে দল ভাবা হচ্ছে সেটাই এই সিরিজে রাখা হলো। আজ দল ঘোষণা করা হয়েছে প্রোটিয়াদের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য। তবে তাতে নেই ঋষভ পন্থের নাম।

টেস্টে ঋষভ পন্থের প্রত্যাবর্তন ঘটেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজেও তিনি ভারতীয় দলে আছেন, তবে প্রথম ২টি ম্যাচে একাদশে সুযোগ পাননি। লোকেশ রাহুল অধিনায়কত্বের পাশাপাশি উইকেটকিপিং করছেন। পন্থের ওডিআই দলে ফেরা কঠিন হলো ঋতুরাজ গায়কোয়াড় আজ শতরান হাঁকানোয়।
যদিও দলে রাখা হয়েছে শুভমান গিলকে। তবে তাঁর খেলা নির্ভর করছে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স থেকে ফিটনেস সংক্রান্ত ছাড়পত্র আসার উপরই। ইডেন টেস্ট চলাকালীন ঘাড়ের চোটের কারণে ছিটকে গিয়েছিলেন গিল। তারপর থেকে মাঠের বাইরেই আছেন।
৯ ডিসেম্বর সিরিজের প্রথম টি২০ আন্তর্জাতিক কটকে। এর পরের ম্যাচগুলি হবে যথাক্রমে নিউ চণ্ডীগড় (১১ ডিসেম্বর), ধরমশালা (১৪ ডিসেম্বর), লখনউ (১৭ ডিসেম্বর) ও আমেদাবাদে (১৯ ডিসেম্বর)। দলে যেমন হার্দিক পাণ্ডিয়া ফিরেছেন, তেমনই বাদ পড়লেন নীতীশ কুমার রেড্ডি, রিঙ্কু সিংরা। মহম্মদ সিরাজেরও জায়গা হয়নি।
টি২০ আন্তর্জাতিক সিরিজের জন্য ভারতীয় দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর।












Click it and Unblock the Notifications