এশিয়া কাপের ভারতীয় দলে বেশ কিছু চমক, সূর্যকে সরিয়ে ক্যাপ্টেন শুভমান?
এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা চলতি মাসের ১৯ বা ২০ তারিখ। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স থেকে ক্রিকেটারদের ফিটনেস সংক্রান্ত আপডেট পেলেই নির্বাচকরা দল বেছে ফেলবেন।
সূর্যকুমার যাদবের জায়গায় শুভমান গিলকে টি২০ দলের অধিনায়ক করার ভাবনা চলছে বলে সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি। শুভমান ইংল্যান্ড সফরে ৭৫৪ রান করেছেন, টেস্ট দলকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসিত হয়েছে। এতদিন টি২০ দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্য। তিনি চোট সমস্যা মেটাতে স্পোর্টস হার্নিয়া অপারেশন করান মিউনিখে। এরপর সম্প্রতি বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। তবে এশিয়া কাপের আগে ম্যাচ পাবেন না। এই আবহে গিলকে অধিনায়ক করা হতে পারে। উল্লেখ্য, গত বছর সূর্য শ্রীলঙ্কা সফরে অধিনায়ক হন, গিল ছিলেন ডেপুটি। এবার অধিনায়কত্বের দৌড়ে আছেন দুজনেই। সেক্ষেত্রে দেশের মাটিতে শেষ টি২০ সিরিজে ভারতের সহ অধিনায়ক অক্ষর প্যাটেলের কী ভূমিকা হয় তা দেখার।

বিসিসিআই সূত্রে খবর, জসপ্রীত বুমরাহ এশিয়া কাপে খেলবেন। তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। ঋষভ পন্থ এশিয়া কাপে খেলতে পারবেন না। প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে সঞ্জু স্যামসন থাকছেন। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ধ্রুব জুরেল বা জিতেশ শর্মার থাকার সম্ভাবনা।
যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বি সাই সুদর্শনকে এশিয়া কাপের দলে দেখা যাবে না বলেই খবর। সামনের বছর টি২০ বিশ্বকাপ। তার আগে সূর্যর নেতৃত্বে ভারত যে সাফল্য পেয়েছে সেই দলের কোর গ্রুপে রদবদল চাইছেন না হেড কোচ গৌতম গম্ভীর। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া আছেন। গিল আইপিএলে সাফল্য পেয়েছেন, ইংল্যান্ডে টেস্ট সিরিজেও দারুণ ছন্দে ছিলেন। ফলে তিনি এশিয়া কাপের দলে থাকছেনই। সেক্ষেত্রে ভারতের সম্ভাব্য ব্যাটিং অর্ডার নিয়েও চর্চা চলছে।
ইংল্যান্ডে চোট পাওয়া নীতীশ কুমার রেড্ডি এশিয়া কাপের আগে ফিট হতে পারবেন না। ফলে হার্দিকের ব্যাক আপ হিসেবে শিবম দুবে দলে থাকতে পারেন। বুমরাহর সঙ্গে থাকছেন অর্শদীপ সিং। তৃতীয় সিমারের দৌড়ে প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানা। যদিও দুবাইয়ের উইকেটের কথা ভেবে মুকেশ কুমারের হয়ে সওয়াল করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পিনারদের মধ্যে অক্ষর ও ওয়াশিংটন সুন্দর নিশ্চিত। তৃতীয় স্পিনারের লড়াইয়ে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।












Click it and Unblock the Notifications