ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজ হোক, চান না এই ভারতীয় ক্রিকেটার
এই মুহূর্তে ভারত-পাক ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়, এমনটাই মনে করছেন প্রায় ২ বছর পরে অতর্কিতে টেস্ট দলে সুযোগ পাওয়া গৌতম গম্ভীর।
নয়াদিল্লি, ১৮ অক্টোবর : ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে বরাবরই সোজাসাপ্টা বক্তব্য পেশ করে এসেছেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। মাঠের ভিতরে বেশ কয়েকবার বিবাদেও জড়িয়েছেন পাক ক্রিকেটারদের সঙ্গে। এহেন গম্ভীর বরাবরই বলেছেন, ক্রিকেটের চেয়ে এগিয়ে দেশ। এবারও তার অন্যথা করলেন না তিনি।
এই মুহূর্তে ভারত-পাক ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়, এমনটাই মনে করছেন প্রায় ২ বছর পরে অতর্কিতে টেস্ট দলে সুযোগ পাওয়া গৌতম গম্ভীর। তাঁর মতে, এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলার কথা ভাবতেও পারছি না। খেলার চেয়ে ভারতীয়দের জীবন বেশি গুরুত্বপূর্ণ, মত গম্ভীরের।

গত সেপ্টেম্বরে জম্মু ও কাশ্মীরের উরিতে সন্ত্রাসবাদী হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে গোটা দেশ কার্যত ক্ষোভে ফুঁসছে। একদিকে যেমন বলিউড এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, তেমনই ভারতীয় ক্রিকেট বোর্ডও পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে।
আগামী বছর ইংল্যান্ডে ভারত-পাকিস্তানকে যাতে এক গ্রুপে ফেলা না হয় সেজন্য বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির কাছে অনুরোধ পর্যন্ত জানিয়েছে বিসিসিআই। সেরকম হলে ভারত যে কঠোর অবস্থান নেবে তা ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। আসন্ন ভারত-পাকিস্তান মহিলাদের সিরিজ নিয়েও এখন অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছে। এই অবস্থায় গোটা ভারতীয় দলই যে গম্ভীরের সুরেই কথা বলবে তা একপ্রকার নিশ্চিত।












Click it and Unblock the Notifications