সিএবির স্বস্তি! ইডেন টেস্টের উইকেটকে সন্তোষজনক আখ্যা দিলেন ম্যাচ রেফারি
সিএবিকে স্বস্তি দিল আইসিসির ম্যাচ রেফারির রিপোর্ট। গত মাসে ইডেনে দক্ষিণ আফ্রিকা তিন দিনের মধ্যেই ভারতকে হারিয়ে দিয়েছিল সিরিজের প্রথম টেস্টে।
এই টেস্টের শুরু থেকেই চর্চায় ছিল পিচ। এমনকী ম্যাচ দ্রুত শেষ হয়ে যাওয়ায় ইডেনের উইকেটের সমালোচনা হচ্ছিল বিভিন্ন মহল থেকে।

যদিও সেই টেস্টের জন্য তৈরি ইডেন গার্ডেন্সের পিচ আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছ থেকে 'সন্তোষজনক' রেটিং পেয়েছে। ফলে কোনও ধরনের শাস্তিমূলক পদক্ষেপের মুখে পড়তে হলো না ক্রিকেটের নন্দনকাননকে। উল্লেখ্য, এই টেস্টে কোনও দলই একবারের জন্যও ২০০ রানের গণ্ডি পেরোতে পারেনি।
কলকাতা টেস্টে প্রথম ওভার থেকেই অসম বাউন্স দেখা গিয়েছে। ভারতীয় দলের তরফে অবশ্য বলা হয়েছে তাদের পছন্দমতোই পিচ দেওয়া হয়েছিল। খেলা যত এগিয়েছে বেড়েছে ঘূর্ণি। তবে পিচটি সিমার ও স্পিনার উভয়ের জন্যই সহায়ক ছিল।
দক্ষিণ আফ্রিকার অফ-স্পিনার সাইমন হার্মার এবং বাঁহাতি ফাস্ট বোলার মার্কো জানসেন দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভারতের জসপ্রীত বুমরাহ প্রথম দিনেই পাঁচ উইকেট তুলে নেন। ভারত চতুর্থ ইনিংসে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানে অলআউট হয়।
আইসিসির চার-স্তরের পিচ রেটিং ব্যবস্থার মধ্যে 'সন্তোষজনক' হলো দ্বিতীয় পর্যায়, যা 'খুব ভালো' ও 'অসন্তোষজনক'-এর মাঝামাঝি। সর্বনিম্ন পর্যায়টি 'অনুযুক্ত'। সম্প্রতি এসব রেটিং ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, বিশেষ করে মেলবোর্নের (এমসিজি) পিচ 'অসন্তোষজনক' রেটিং ও একটি ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর; বক্সিং ডে অ্যাশেজ ম্যাচটিও দুই দিনে শেষ হয়েছিল।
পিচটি ম্যাচ জুড়েই বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ম্যাচের পর এটিকে "আমরা ঠিক এই ধরনের পিচই খুঁজছিলাম" বলে বর্ণনা করেন। তবে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের আগে ব্যাটিং কোচ সীতাংশু কোটক তাঁর বক্তব্যের বিরোধিতা করেন। কোটকের দাবি ছিল, গম্ভীর কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে বাঁচাতে এমন কথা বলেছেন। তিনি আরও ইঙ্গিত দেন যে, ভারত অসম বাউন্সে বিস্মিত হয়েছিল এবং এমন পিচ চায়নি। পরবর্তী গুয়াহাটি টেস্ট অপেক্ষাকৃত স্বাভাবিক পিচে খেলা হয়। সেখানেও দক্ষিণ আফ্রিকা জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে।












Click it and Unblock the Notifications