IPL 2024: আইপিএলের জন্য প্রস্তুত হবে ইডেন, রঞ্জি ট্রফির হোম ম্যাচ খেলা নিয়ে সমস্যায় বাংলা দল
কথায় আছে কারও পৌষ মাস, কারও সর্বনাশ। বিশ্বকাপের পর থেকেই আইপিএল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিসিআই। আজ দুবাইতে বসছে আইপিএলের মেগা নিলামের আসর। কিন্তু তারআগেই বাংলা ক্রিকেটের জন্য দুঃসংবাদ। একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুসারে আইপিএলের জন্য ইডেনে রঞ্জি ট্রফির হোম ম্যাচ খেলা থেকে বঞ্চিত হতে পারে বাংলা দল।
এখনও চূড়ান্ত না হলেও ২২ মার্চ থেকে মে মাসের শেষ পর্যন্ত ২০২৪ সালের আইপিএল উইন্ডোকে রাখতে চলেছে বিসিসিআই। দেশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ দেখেই আইপিএলের সূচি চূড়ান্ত করতে পারে বিসিসিআই। জুন মাসের শুরু থেকেই আছে টি২০ বিশ্বকাপ। ফলে প্রস্তুতির জন্য কিছুটা সময় রাখতে হবে। ফলে নির্ধারিত সময়ের থেকে কিছুটা এগিয়ে আসতে পারে আইপিএল। এখানেই সমস্যা তৈরি হয়েছে।

ইংরেজি দৈনিকে নাম প্রকাশে অনিচ্ছুক সিএবির এক কর্তা বলেন, 'সাধারণত ঘরোয়া ক্রিকেট শেষ হওয়ার পর কয়েক সপ্তাহ সময় থাকে আইপিএলের জন্য মাঠগুলি প্রস্তুত করার। কিন্তু সম্প্রতি বোর্ডের পক্ষ থেকে নির্দেশিকা এসেছে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আইপিএল ভেন্যুগুলিতে রঞ্জি ট্রফি বা ক্লাব ক্রিকেটের কোনও ম্যাচ করা যাবে না। ফ্রাঞ্জাইজিগুলি মাঠ প্রস্তুত করবে আইপিএলের জন্য।'
এই নিয়ম বলবৎ থাকলে বাংলা ইডেনে রঞ্জি ট্রফির একটি ম্যাচই খেলতে পারবে। আগামী ১৯ জানুয়ারি ছত্তিসগড়ের বিরুদ্ধে হোম ম্যাচ ইডেনে খেলতে পারবে বাংলা দল। যদিও বঙ্গ ব্রিগেড সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসের মাঠে অথবা কল্যাণীতেও ম্যাচ খেলতে পারবে।
এই প্রসঙ্গে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেন, 'বিকল্প পরিস্থিতিতে বাংলা দল কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে বা সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসের মাঠে তাদের হোম ম্যাচ খেলতেই পারে।'
গত মরসুমে ইডেনেই হয়েছিল রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ। সৌরাষ্ট্রের কাছে হারের জেরে কাপ জয়ের স্বপ্ন অধরাই থাকে বঙ্গ ব্রিগেডের। এবারও সৈয়দ মুস্তাক আলি বা বিজয় হাজারাতে প্রত্যাশা থাকলেও সাফল্য আসেনি। ফলে রঞ্জিই এখন পাখির চোখ বাংলা দলের কাছে।












Click it and Unblock the Notifications