টি২০ বিশ্বকাপে ৭টি ম্যাচ পেল ইডেন, সেমিফাইনাল সরতে পারে কেবল একটি শর্তেই
টি২০ বিশ্বকাপে সেমিফাইনাল-সহ সাতটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল কলকাতা। ইডেন গার্ডেন্সে গ্রুপ সি-র পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সুপার এইটে ভারতের একটি ম্যাচও হবে ক্রিকেটের নন্দনকাননে। প্রথম সেমিফাইনালটিও ইডেনেই হবে, একমাত্র পাকিস্তান শেষ চারে না উঠলে। উল্লেখ্য, ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে ইডেন ফাইনাল-সহ পেয়েছিল ৫টি ম্যাচ। সেই তুলনায় এবার প্রাপ্তির পরিমাণ বেশি।

টি২০ বিশ্বকাপের দুই প্রাক্তন চ্যাম্পিয়নদের গ্রুপ পর্বের ম্যাচ পড়েছে ইডেনে, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের। ২০১৬ সালে ইডেনে ইংল্যান্ডকে হারিয়েই টি২০ বিশ্বকাপ খেতাব জিতেছিল ক্যারিবিয়ানরা। এবার এই দুই দলের বেশ কয়েকটি ম্যাচ রয়েছে ইডেনে।
টি২০ শুরুর দিনেই, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ইডেনে ম্যাচ রয়েছে। বিকেল তিনটে থেকে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। ফেব্রুয়ারির ৯ তারিখ সকাল ১১টা থেকে ইডেনে বাংলাদেশ বনাম ইতালি ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি বিকেল তিনটে থেকে কলকাতায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও বাংলাদেশ।
১৬ ফেব্রুয়ারি বিকেল তিনটে থেকেই ইডেনে ইংল্যান্ড-ইতালি ম্যাচ। ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে ইতালি বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হবে ইডেনে। ১ মার্চ ইডেনে সুপার এইটের ম্যাচ পড়েছে। অঘটন না ঘটলে সেই ম্যাচে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বৈরথ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবটাই নির্ভর করবে গ্রুপ সি থেকে কোন দুটি দল সুপার এইটে যাচ্ছে তার উপর।
৪ মার্চ ইডেনে প্রথম সেমিফাইনাল হওয়ার কথা। তবে পাকিস্তান সেমিফাইনালে গেলে সেই সেমিফাইনাল সরবে কলম্বোয়। একমাত্র শ্রীলঙ্কা-পাকিস্তান সেমিফাইনাল হলে তবেই সেটি কলম্বোয় হবে। পাকিস্তান যদি শেষ চারে না যায় এবং শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে, তবে শ্রীলঙ্কা কলকাতাতেই সেমিফাইনাল খেলবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications