ইডেন ম্যাচে থাকছে বৃষ্টির অশনি সংকেত , পিচও না পসন্দ হতে পারে কোহলিদের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয়ে গেছে টিম ইন্ডিয়া। তবে ইডেনের নানা বিষয় যা আপনি জানতে পারবেন।
বৃহস্পতিবার কলকাতায় ক্রিকেট উৎসব। দল পৌঁছে গেছে ইতিমধ্যেই। বাড়তে শুরু করেছে ক্রিকেট জ্বর। এ অবস্থায় সকলের ফোকাসে দুটি জিনিস আবহাওয়ার পূর্বাভাস ও পিচের চরিত্র।

কলকাতায় এখন রোজই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস আছে. তবে দীর্ঘক্ষণ বৃষ্টি এখন আর হচ্ছে না। এটাই ভরসা যোগাচ্ছে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। চেন্নাই ম্যাচ বৃষ্টি প্রায় ভেস্তেই দিয়েছিল। শেষ পর্যন্ত মুখরক্ষা করে ২১ ওভারে ম্যাচ নামিয়ে আনতে বাধ্য হয়। সেই ম্যাচ জিতে নিয়েছে ভারত।
তবে ইডেনে বৃষ্টি হলেও যাতে যত দ্রুত সম্ভব ম্যাচ শুরু করা যায়, তার প্রস্তুতি সেরে রেখেছে সিএবি। এর আগে বিভিন্ন সময়ে ইডেনে বৃষ্টি হলে ম্যাচ ভেস্তে যাওয়ার নিদর্শন আছে। তবে সৌরভ সিএবি প্রেসিডন্টে হওয়ার পর এই অবস্থার অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন বৃষ্টি হলেও ম্যাচ আয়োজন করার ব্যবস্থা থাকে।

এদিকে এমএ চিদাম্বরম স্টেডিয়ামের বাইশ গজে স্পিনের ঘূর্ণি দেখলেও ইডেনে সেরকমটা হবে না। যুজবেন্দ্র চহাল ও কুলদীপ যাদবদের স্পিনে কাত হয়ে গিয়েছিলেন স্টিভ স্মিথরা। তবে ইডেনের উইকেটে তেমন ঘূর্ণি নেই বলেই শোনা যাচ্ছে। তবে এতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কতটা খুশি হবে তা নিয়ে চিন্তা রয়েছে।
ত্রিপুরা থেকে আসা বিসিসিআই-এর পূর্বাঞ্চল কিউরেটর আশিস ভৌমিক। তিনি বলেছেন, 'ইডেনের পিচে মাটিতে বালির ভাগ যেহেতু কম এবং এঁটেল মাটির ভাগ যেহেতু বেশি, তাই এই উইকেট দ্রুত ভাঙার সম্ভাবনা কম। চেন্নাইয়ের মতো ঘূর্ণি উইকেট এখানে পাবে না স্পিনাররা।'
পাশাপাশি তিনি এও জানিয়েছেন, 'কলকাতার যা আবহাওয়া আর আগামী কয়েকদিন যে রকম পূর্বাভাস রয়েছে, তাতে পিচে বেশি বাউন্স থাকবে বলে মনে হয় না। এমন আবহাওয়া থাকলে উইকেট মন্থর হয়ে যেতে পারে। বল ব্যাটে ভাল নাও আসতে পারে। খটখটে রোদ উঠলে বা আবহাওয়ায় আর্দ্রতা কমলে উইকেট শুকনো হতে পারে। তখন প্রচুর রান উঠতে পারে। কিন্তু সেই সম্ভাবনা কম।'
এদিকে মঙ্গলবার মাঠে অনুশীলন করতে আসবে বিরাটের টিম ইন্ডিয়া। ফলে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে স্পিনং ট্র্যাকের দাবি জানানো হতে পারে। তবে পূর্বাঞ্চলীয় পিচ কিউরেটর জানিয়ে দিয়েছেন, কলকাতায় আবহাওয়া ও মাটির যা বৈশিষ্ট্য তাতে এই ধরণের পিচ দেওয়া সম্ভব নয়।












Click it and Unblock the Notifications