Akash Deep: শামির পরামর্শ মেনেই রপ্ত করেছেন মোক্ষম অস্ত্র, সন্তুষ্ট না হয়ে শেখাতেই জোর আকাশ দীপের
Akash Deep: দলীপ ট্রফিতে নজর কাড়লেন বাংলার পেসার আকাশ দীপ। রাঁচিতে টেস্ট অভিষেক হয়েছিল। তারপর ছিল আইপিএল। অনেক দিন পর লাল বলের ক্রিকেটে নেমেই সাফল্য।
প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছিলেন ৬০ রান খরচ করে। ভারতীয় বি দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে খেলতে নেমে আকাশ দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে পাঁচ উইকেট দখল করেন।

আকাশ দীপ বলেন, যদি ক্রিকেটার হিসেবে সন্তুষ্ট হই, তাহলে কিছুই শিখতে পারব না। যতদিন আমার মধ্যে শেখার খিদে থাকবে, ততদিন আমি সন্তুষ্ট হব না। উইকেট পাওয়া, ম্যাচের ফলাফল দুটি আলাদা বিষয়। কখনও ফল পক্ষে যাবে, কখনও বিপক্ষে। তবে মূল বিষয় হলো প্রসেস। বোলিংয়ের সময় কোন বিষয়ে আরও উন্নতি করা যায় সেটা চিহ্নিত করাই বড় কথা।
আকাশ দীপ আজ বেঙ্গালুরুতে সাংবাদিকদের বলেন, অনেক দিন পর লাল বলে খেললাম। পেসার হিসেবে এত লম্বা বিরতির পর খেলা সহজ নয়। তবে মাসখানেক ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। ম্যাচের মতো পরিস্থিতি তৈরি করে বল করেছি। সেই মানসিকতা নিয়ে বোলিং অনুশীলন করার সুফল ম্যাচে পেলাম।
সামনে ভারতের ১০টি টেস্ট রয়েছে। আকাশ খুব দূরের কিছু নিয়ে ভাবতে নারাজ। তিনি বলেন, আমি প্রতিটি ম্যাচই নিজের শেষ ম্যাচ ভেবে খেলি। নীতীশ কুমার রেড্ডিকে যেভাবে মিডল স্টাম্প লাইনে বল ফেলে অফ স্টাম্প উড়িয়ে বোল্ড করেছেন তা নজর কেড়েছে সকলের। নিজের বোলিং নিয়েও মুখ খুলেছেন আকাশ।
আকাশ বলেন, আমি কেরিয়ার শুরুর সময় ইন-স্যুইং বল বেশি করতাম। ২-৩ বছর আগে কাঁধে চোট লেগেছিল। তখন ইন-স্যুইং করতে পারছিলাম না। সেই সময় ধীরে ধীরে আউট-স্যুইং রপ্ত করি। পরে কাঁধ স্বাভাবিক হতেই দুই ধরনের বোলিং বৈচিত্র্য বজায় রাখতে পারছি।
আকাশ দীপ জানান মহম্মদ শামির থেকে নানা পরামর্শে তিনি সমৃদ্ধ। আকাশ বলেন, একবার শামিকে জিজ্ঞাসা করেছিলাম অ্যারাউন্ড দ্য উইকেটে বাঁহাতিদের বল করার সময় কীভাবে বল বাইরের দিকে মুভ করাব? শামি বলেছিলেন, আলাদা কিছু না করতে। এটা স্বাভাবিকভাবেই হয়ে যাবে। সেটাই হয়েছে, এটা এখন আকাশ দীপের বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র। শামির সঙ্গে নিজের বোলিং অ্যাকশনের মিল আছে বলে মনে করেন আকাশ দীপ।
দলীপ ম্যাচে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও সফল আকাশ। প্রথম ইনিংসে ২৯ বলে ১১ করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৪২ বলে ৪৩। প্রথম ইনিংসে মুকেশ কুমারের বলে আউট হন, দ্বিতীয় ইনিংসে দলের দ্বিতীয় সর্বাধিক রান করে রান আউট। আকাশের ভারতীয় এ দল অবশ্য ভারতীয় বি দলের কাছে ৭৬ রানে হেরেছে।












Click it and Unblock the Notifications