Duleep Trophy: কাজে এল না রাহুলের অর্ধশতরান থেকে আকাশের দুরন্ত পারফরম্যান্স, গিলের দলকে হারাল ঈশ্বরণ ব্রিগেড
কাজে এল না আকাশদীপের বোলিং-ব্যাটিংয়ের অল রাউন্ড পারফরম্যান্স। দলীপ ট্রফির প্রথম ম্যাচে ভারতীয় বি দলের বিরুদ্ধে হার ভারতীয় এ দলের। অভিমন্যু ঈশ্বরণের দলের বিরুদ্ধে হার শুভমান গিলদের।
মুশির খানের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩২১ রান তুলেছিল ইন্ডিয়া বি।জবাবে ভারতীয় এ দলের প্রথম ইনিংস শেষ হল ২৩১ রানেই। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বি দলের রান ৬ উইকেটে ১৫০। ২৪০ রানে এগিয়ে ছিল ঈশ্বরণের দল। আকাশদীপের বোলিং বিক্রমে দ্বিতীয় ইনিংসে ১৮৪ রানেই অল আউট হয়ে গেল ভারতীয় বি দল।
ভারত এ-র সামনে লক্ষ্য ছিল ২৭৫ রান। লক্ষ্য খুব বেশি না হলেও দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার মুখে পড়তে হল ভারতীয় এ দলকে। ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ৩ রানে আউট হন। অধিনায়ক শুভমান (২১), রিয়ান পরাগ (৩১) শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি। তাতে সমস্যায় পড়ে দল।
১২১ বলে ৫৭ রান করেন লোকেশ রাহুল। এরপর ধ্রুব জুরেল ও তনুষ কোটিয়া শূন্যে ফেরেন। শিবম দুবে ও কুলদীপ যাদব ১৪ রানে আউট হলেন, এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন আকাশ। ৪২ বলে ৪৩ রানের দুরন্ত ইনিংস খেলেন, কিন্তু তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৯৮ রানেই শেষ হল এ দলের দ্বিতীয় ইনিংস।দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন যশ দয়াল, ২টি করে উইকেট নেন মুকেশ কুমার ও নভদীপ সাইনি। ৭৬ রানে জয় পেল বি দল।
প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংস অর্ধশকতরান করলেন বি দলের হয়ে খেলা ঋষভ পন্থ। ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে খেলতে নেমে ৯টি বাউন্ডারি ও ২ টো ছক্কা হাঁকিয়েছিলেন পন্থ। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬১ রানের ইনিংস খেলেন পন্থ।
ভারতীয় এ দলের হয়ে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন। ঋষভ পন্থকেও আউট করেছিলেন আকাশ। দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। দলীপের প্রথম ম্যাচে দুই -ইনিংস মিলিয়ে নয় উইকেট। ভারতীয় বি দলের দুই ইনিসে মোট ৯টি উইকেট আকাশ দীপের। ম্যাচের সেরাও হলেন।

দলীপ ট্রফির প্রথম ম্যাচেই জয় পায় ভারতীয় সি দল। অনন্তপুরে ইন্ডিয়া-সি দল ইন্ডিয়া-ডি টিমের বিরুদ্ধে ম্যাচে ৪ উইকেটে জয় হাসিল করে। টান টান লড়াই শেষে হার মানতে হয় শ্রেয়স আইয়ারদের। জয় পায় ঋতুরাজের দল।












Click it and Unblock the Notifications