Wriddhiman On Duleep Trophy: ঋদ্ধিমানের মহানুভবতা, ঈশানের অবাক সিদ্ধান্তে পূর্বাঞ্চলের নেতৃত্বে অভিমন্যু
Duleep Trophy 2023: চেতেশ্বর পূজারা বা অজিঙ্ক রাহানে টেস্ট দলে কামব্যাক করলেও রাহুল দ্রাবিড়রা ঋদ্ধিমান সাহার জন্য বন্ধ করে দিয়েছেন জাতীয় দলের দরজা। যতই কিপিংয়ে তাঁকে টেক্কা দেওয়ার মতো কেউ না থাকুন।
ঋষভ পন্থের অনুপস্থিতিতে যখন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ঋদ্ধিমানকে নেওয়ার জন্য সরব হয়েছিলেন, তাতে কর্ণপাত করেননি নির্বাচকরা। টিম ম্যানেজমেন্টের পছন্দকেই অগ্রাধিকার দিয়ে। যদিও কেএস ভরত চূড়ান্ত ব্যর্থ হয়েছেন।

আজ বেছে নেওয়া হলো দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চল দল। ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্ট ১২ জুলাই থেকে। তার আগে দলীপ ট্রফি না খেলার সিদ্ধান্ত নেন ঈশান কিষাণ। এতে সমস্যায় পড়ে যান নির্বাচকরা। যেখানে টেস্ট দলের প্রথম উইকেটকিপার ভরত রয়েছেন দক্ষিণাঞ্চল দলে, সেখানে কিষাণের সিদ্ধান্ত অবাক করার মতোই।
কিষাণ খেললে তাঁকে অধিনায়ক করার প্ল্যান ছিল নির্বাচকদের। কিন্তু জোনাল কমিটি কনভেনর দেবাশিস চক্রবর্তীকে ঈশান কিষাণ জানিয়ে দেন, তিনি দলীপ ট্রফি খেলতে আগ্রহী নন। তাঁর চোট রয়েছে কিনা তা স্পষ্ট নয়। স্বভাবতই নির্বাচকরা ধাক্কা খান। এরপরই ত্রিপুরার নির্বাচক জয়ন্ত দে সওয়াল করেন ঋদ্ধিমান সাহার হয়ে।

ঋদ্ধিমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়ে দেন, দলীপ ট্রফি হলো তাঁদের জন্য যাঁরা ভারতীয় দলে সুযোগ-প্রত্যাশী। আমি যদি দেশের হয়ে খেলার সুযোগ না-ই পাই, তাহলে দলীপে খেলে কোনও তরুণ ক্রিকেটারের পথ আটকাতে চাই না। পাপালির এই মহানুভবতায় মুগ্ধ নির্বাচকরা এরপর বেছে নেন বাংলার অভিষেক পোড়েলকে।

অসমের রিয়ান পরাগ, বাংলার শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, আকাশ দীপ, ঈশান পোড়েল রয়েছেন এই দলে। কেকেআরে খেলা স্পিনার অনুকূল রায়ও জায়গা পেয়েছেন অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলে।
পূর্বাঞ্চল দল- অভিমন্য়ু ঈশ্বরন (অধিনায়ক), শান্তনু মিশ্র, সুদীপ ঘরামি, রিয়ান পরাগ, অনুষ্টুপ মজুমদার, বিপিন সৌরভ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), কে কুশাগ্র (উইকেটকিপার), শাহবাজ নাদিম (সহ অধিনায়ক), শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, আকাশ দীপ, অনুকূল রায়, এম মুরা সিং, ঈশান পোড়েল।












Click it and Unblock the Notifications