CT 2025, IND vs PAK: কোহলি ভারতের প্রথম ব্যাটার হিসেবে ঘটালেন স্মরণীয় কাণ্ড! গড়লেন ঈর্ষণীয় নজির
CT 2025, IND vs PAK: বিরাট কোহলির অপরাজিত শতরান ভারতকে পৌঁছে দিল চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে। ২ মার্চ ভারতের পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
পাকিস্তানকে ভারত হারাল ৬ উইকেটে, ৪৫ বল বাকি থাকতেই। বিরাট পেলেন পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ ওডিআই শতরান। কেরিয়ারের ৫১তম ওডিআই সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্রিকেটে ৮২ নম্বর।

রবিবার দুবাইয়ে রান তাড়া করতে গিয়ে আরও একবার চওড়া হলো চেজমাস্টার কিং কোহলির ব্যাট। সেই সঙ্গে এই ম্য়াচে তিনি গড়লেন একাধিক নজির। ভারতের ফিল্ডার হিসেবে ওডিআইয়ে সর্বাধিক ১৫৮টি ক্যাচ ধরার পাশাপাশি দ্রুততম ব্যাটার হিসেবে ১৪ হাজার ওডিআই রান করলেন।
এখানেই শেষ নয়। বিরাট কোহলিই ভারতের প্রথম ব্যাটার যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম শতরান হাঁকালেন। এর আগে, ২০১৭ সালে রোহিত শর্মা বার্মিংহ্যামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ১১৯ বলে ৯১ করেছিলে।
ওই ম্যাচেই বিরাট কোহলি অপরাজিত ছিলেন ৬৮ বলে ৮১ রান করে। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাহুল দ্রাবিড় সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিরুদ্ধে ১০৩ বলে ৭৬ রান করেন। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পাণ্ডিয়া খেলেছিলেন ৪৩ বলে ৭৬ রানের ইনিংস।
একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার তিনে রয়েছেন কোহলি। তাঁর রান ২৯৯টি ম্যাচে ২৮৭ ইনিংসে ১৪ হাজার ৮৫। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়ে তিনি দ্বিতীয়বার ম্যাচের সেরার পুরস্কার পেলেন। প্রথমবার পান ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার তিনে উঠে এলেন বিরাট। টপকে গেলেন রিকি পন্টিংকে। শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ৬৬৪টি ম্যাচে ৭৮২ ইনিংসে সচিনের রয়েছে ৩৪৩৫৭ রান। দুইয়ে কুমার সঙ্গকারা (২৮০১৬)। বিরাট কোহলির রান আপাতত ৫৪৭ ম্যাচে ৬১৪ ইনিংসে ২৭৫০৩। রিকি পন্টিংয়ের রান ২৭৪৮৩।
ভারত অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের পর বিরাট কোহলির প্রশংসা করে বলেন, বিরাট দেশের প্রতিনিধিত্ব করতে ভালোবাসেন। সব সময় নিজের সেরাটা দিতে চান। যেমনটা রবিবার করলেন। আমরা যাঁরা ড্রেসিংরুমের ভিতরে থাকি তাঁরা বিরাটকে এমন খেলতে দেখে মোটেই অবাক নই।












Click it and Unblock the Notifications