CT 2025: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে যেতে হচ্ছে দুবাই, একটি দলকে ফিরেও আসতে হবে পাকিস্তানে! কারণ কী?
CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মঙ্গলবার কোন দল ভারতের মুখোমুখি হবে তা ঠিক হবে কাল। দুবাইয়ে গ্রুপের শেষ ম্য়াচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।
ভারত গ্রুপের একে থাকুক বা দুইয়ে, মঙ্গলবারই সেমিফাইনাল খেলবে দুবাইয়ে। ফলে কালকের আগে স্পষ্ট হবে না ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা হবে, নাকি অস্ট্রেলিয়া।

ইতিমধ্যেই অনেকেই বলতে শুরু করে দিয়েছে, ভারত দুবাইয়ে সব ম্যাচ খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে। এবার যা পরিস্থিতি তৈরি হলো তাতে যে কোনও একটি দলের বিরক্তিও বাড়বে। কারণ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে দুবাইয়ে বসেই জানতে হবে সেমিফাইনালের প্রতিপক্ষ।
আজকের খেলার এখনও যা গতিপ্রকৃতি তাতে দক্ষিণ আফ্রিকার জিততে সমস্যা হওয়ার কথা নয়। ১৭.৩ ওভারে ১০৩ রান তোলার ফাঁকে ইংল্যান্ডের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে গিয়েছে। ফলে প্রোটিয়ারা গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে যাবে, এমনটাই মনে হচ্ছে।
সেক্ষেত্রে ভারত যদি কাল নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর যদি ভারত কিউয়িদের কাছে হেরে যায় তাহলে সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে ভারত টি২০ বিশ্বকাপ জিতেছিল। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে।
অস্ট্রেলিয়া-আফগানিস্তান দ্বৈরথ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গিয়েছে। তারপর আজ প্রোটিয়াদের যা দাপট তাতে আফগানিস্তানের ছুটি হয়েই গিয়েছে। ফলে আফগানিস্তানকে দুবাইয়ে যেতে হচ্ছে না। কিন্তু আজকের ম্যাচ খেলেই দক্ষিণ আফ্রিকাকে দুবাইয়ের বিমান ধরতে হবে।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল। আইসিসি চাইছে যাতে যে দেশ মঙ্গলবার সেমিফাইনাল খেলবে তারা যেন সেখানে প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ পায়। বুধবারের সেমিফাইনাল হবে লাহোরে। ফলে নিউজিল্যান্ডের সঙ্গে তাদের সেমিফাইনালের প্রতিপক্ষকে ফিরতে হবে পাকিস্তানে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি এমনভাবে হয়েছে যার ফলে একটি দলকে দুবাইয়ে গিয়ে প্রয়োজনে অনুশীলন এমন জায়গায় করতে হবে যেখানে সেমিফাইনালের জন্য তার দরকারই পড়বে না। কার্যত ডেইলি প্যাসেঞ্জারি করার উপক্রম। ভারত যদি ফাইনালে ওঠে তাহলে পাকিস্তান থেকে আবার সেই দলকে দুবাই যেতে হবে।
এদিকে, টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড আজও বিপাকে। ফিল সল্ট ৬ বলে ৮, বেন ডাকেট ২১ বলে ২৪, জেমি স্মিথ ৩ বলে ০, জো রুট ৪৪ বেল ৩৭ ও হ্যারি ব্রুক ২৯ বলে ১৯ রানে আউট হয়েছেন। মার্কো জানসেন ৫ ওভারে ২৯ রানে তিনটি উইকেট নেন। উইয়ান মুল্ডার ও কেশব মহারাজ পেয়েছেন ১টি করে উইকেট।












Click it and Unblock the Notifications