CT 2025: ডুসেন-ক্লাসেন যুগলবন্দিতে চূর্ণ ইংল্যান্ড! বাটলারদের লজ্জা বাড়িয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
CT 2025, ENG vs SA: চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপ থেকে ১ নম্বর দল হিসেবেই সেমিফাইনালে গেল দক্ষিণ আফ্রিকা। করাচিতে ইংল্যান্ডকে চূর্ণ করে।
হেইনরিখ ক্লাসেন ও রাসি ভ্যান ডার ডুসেন অর্ধশতরান হাঁকিয়ে দলের জয়ে অবদান রাখলেন। ভারতের ওডিআই সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফির তিনটি ওডিআইয়েও টানা হারল ইংল্যান্ড।

ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল। তিন উইকেট হারিয়েই সেই টার্গেটে পৌঁছে গেল প্রোটিয়ারা। রাসি ভ্যান ডার ডুসেন তিনে নেমে অর্ধশতরান হাঁকিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে তিনি শাহিনসের বিরুদ্ধে খেলেছিলেন ৬২ রানের ইনিংস। আফগানিস্তানের বিরুদ্ধে করেন ৫২। আজ তিনি অর্ধশতরান পূর্ণ করলেন ৭২ বলে। তিনে নেমে তিনি অপরাজিত থাকেন ৮৭ বলে ৭২ রান করে।
টনি ডি জর্জি অসুস্থতার কারণে খেলতে পারেননি। তাঁর জায়গায় সুযোগ পাওয়া ট্রিস্টান স্টাবস পাঁচ বল খেলে শূন্য রানে আউট হয়ে যান। তাঁর মতো অপর ওপেনার রিয়ান রিকেলটনকেও বোল্ড করেন জোফ্রা আর্চার। রিকেলটন করেন ২৫ বলে ২৭।
১১ রানে প্রথম ও ৪৭ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল। এরপর তৃতীয় উইকেট জুটিতে ১২৭ রানের পার্টনারশিপ গড়েন ডুসেন ও ক্লাসেন। চারে নামা ক্লাসেনই ছিলেন বেশি আক্রমণাত্মক। তিনি ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।
১১টি চারের সাহায্যে ক্লাসেন ৫৬ বলে ৬৪ রান করে যখন আদিল রশিদের বলে আউট হলেন, দক্ষিণ আফ্রিকা জয় থেকে তখন মাত্র ৬ রান দূরে। ৩০তম ওভারের প্রথম বলে লিয়াম লিভিংস্টোনের বলে ছয় মেরে প্রোটিয়াদের জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ডেভিড মিলার।
জস বাটলার ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে হারলেন ১২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে। ডুসেনের অপরাজিত ৭২ রানের ইনিংসে রয়েছে ৬টি চার ও তিনটি ছয়। মিলার ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন। ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া এইডেন মার্করামকে ব্যাট করতে নামার দরকার পড়েনি।
জোফ্রা আর্চার ৯ ওভারে ৫৫ রান খরচ করে ২ উইকেট নেন। আদিল রশিদ ৭ ওভারে ৩৭ রান খরচ করে একটি উইকেট পেলেন। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩৮.২ ওভারে ১৭৯ রানে গুটিয়ে গিয়েছিল। তাতেই ছিটকে যায় আফগানিস্তান, শেষ চারে জায়গা পাকা হয়ে যায় প্রোটিয়াদের।
ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৩৭ রান করেন জো রুট। মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার তিনটি করে উইকেট দখল করেন। কেশব মহারাজ ২টি, লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাডা একটি করে উইকেট পেয়েছেন। ৩ ম্যাচে ৫ পয়েন্ট হলো দক্ষিণ আফ্রিকার। গ্রুপের দ্বিতীয় দল অস্ট্রেলিয়া, তাদের ঝুলিতে ৩ ম্যাচে ৪ পয়েন্ট। সেমিফাইনালে কে কার বিরুদ্ধে খেলবে তা স্পষ্ট হবে কালকের ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথের ফলাফলের পরই।












Click it and Unblock the Notifications