CT 2025: বিরাটের মাইলস্টোন ম্যাচে কি খেলবেন রোহিত ও শামি? বড় তথ্য জানালেন রাহুল
CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপের শেষ ম্যাচে রবিবার মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। যারা জিতবে তারা গ্রুপে শীর্ষস্থানে থেকে সেমিফাইনালে যাবে।
এই ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করছে কোন দল কাদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। এই ম্যাচটি হতে চলেছে বিরাট কোহলির ৩০০তম ওডিআই ম্যাচ।

বিরাটের আগে ৩০০টি ওডিআই খেলার নজির রয়েছে সচিন তেন্ডুলকর (৪৬৩), মহেন্দ্র সিং ধোনি (৩৪৭), রাহুল দ্রাবিড় (৩৪০), মহম্মদ আজহারউদ্দিন (৩৩৪), সৌরভ গঙ্গোপাধ্যায় (৩০৮) ও যুবরাজ সিংয়ের (৩০১)।
বিরাটের ৩০০তম ওডিআই খেলা প্রসঙ্গে রাহুল আজ দুবাইয়ে বলেন, বিরাট কেমন প্লেয়ার তা বোঝানোর জন্য শব্দ অপ্রতুল। প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। গ্রেট, গ্রেট প্লেয়ার। তিনি এমন একজন সিনিয়র প্লেয়ার যাঁর দিকে আমরা সকলেই তাকিয়ে থাকি। আশা করি তাঁর ব্যাটে আরও অনেক শতরান দেখতে পারব।
রোহিত শর্মার হ্যামস্ট্রিং ও মহম্মদ শামির হাঁটুর কাছের চোট নিয়ে চর্চা তুঙ্গে। রবিবারের ম্যাচে তাঁদের বিশ্রাম দেওয়া হতে পারে বলেও জল্পনা। তবে রাহুল বলেন, ফিটনেসের নিরিখে দলের কেউ ম্যাচ খেলতে পারবেন না, তেমন নয়। সকলেই ঠিকঠাক আছেন।
রাহুল আরও বলেন, কারও খেলতে না পারা নিয়ে উদ্বেগের কিছু নেই। যতটা আমি জানি। সকলেই জিমে সময় কাটিয়েছেন, অনুশীলনও করছেন। সকলে ফিট থাকলে ভারত যে নিউজিল্যান্ড ম্যাচেও দলে পরিবর্তন আনবে না, তেমনটাই ইঙ্গিত দেন রাহুল।
রাহুলের কথায়, সৌভাগ্যবশত আমি লিডারশিপ গ্রুপের কেউ নই। ফলে আমাকে কোনও সিদ্ধান্ত নিতে হবে না। যাঁরা খেলেননি তাঁদের সুযোগ দেওয়ার একটা ভাবনা চলে। কিন্তু আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে তা হবে না। কারণ, গ্রুপের শেষ ম্যাচ আর সেমিফাইনালের মাঝে একটা দিন। সকলেই খেলার মধ্যে থাকবেন বলেই আমার ধারণা।
রাহুল খেলায় ওডিআই দলে সুযোগ পাচ্ছেন না ঋষভ পন্থ। সাংবাদিক বৈঠকের মধ্যে মাইক্রোফোনের শব্দ সংক্রান্ত বিভ্রাটের ফাঁকেই রাহুল বলেন, পন্থের সঙ্গে প্রতিযোগিতা নেই বললে মিথ্যা বলব। পন্থ প্রতিভাবান। তিনি কত দ্রুত আগ্রাসী খেলে ম্যাচের মোড় ঘোরাতে পারেন তাও আমরা দেখেছি।
রাহুল আরও বলেন, পন্থ, নাকি আমাকে খেলানো হয় তা নিয়ে কোচ ও অধিনায়ককে ভাবতে হয়। আমি যখন সুযোগ পাই, তা সদ্ব্যবহার করার জন্য সেরাটা দিই। আমি পন্থের সঙ্গে প্রতিযোগিতায় যাই না। আমি তাঁর মতো খেলার চেষ্টা করি না। আমি নিশ্চিত পন্থও সুযোগ পেলে অন্য কারও মতো খেলার চেষ্টা করেন না। তিনি যেমন খেলার নিরিখে সুযোগ পেয়েছেন, আমার ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য।












Click it and Unblock the Notifications