CT 2025, IND vs AUS: রান তাড়ায় অ্যাডভান্টেজ ভারত! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেরা পাঁচ জয় একনজরে
CT 2025, IND vs AUS: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতে ভারতের চাই ২৬৫ রান। বেন ডোয়ারশুইসের দ্বিতীয় বলে চার মেরেছেন রোহিত শর্মা।
টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৩ ওভারে অস্ট্রেলিয়া ২৬৪ রানে গুটিয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই রানের পুঁজি নিয়ে লড়াই করা যেতে পারে। তবে অ্যাডভান্টেজ ভারতই।

তার বড় কারণ, এই পিচ যতটা স্পিন সহায়ক হবে ততটা নয়। সেভাবে মন্থরও হয়নি। মহম্মদ শামি পেয়েছেন তিন উইকেট। অনেকের মতে, অস্ট্রেলিয়ার অন্তত তিনশো তোলা উচিত ছিল। নিদেনপক্ষে অন্তত ২০ রানের পুঁজি কম।
ট্রাভিস হেডকে মোক্ষম সময়ে প্যাভিলিয়নে পাঠিয়েছেন বরুণ চক্রবর্তী। তবে মহম্মদ শামির ফুলটস বলে যেভাবে স্টিভ স্মিথ স্টেপ আউট করে মারতে গিয়ে বোল্ড হলেন, তা টার্নিং পয়েন্ট হতে পারে। কেন না, স্মিথ থিতু হয়ে গিয়েছিলেন। তিনি থাকলে আরও রান আসতে পারতো।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করে ভারতের সবচেয়ে বড় জয়টি এসেছিল জয়পুরে। ২০১৩ সালে ভারত ৪৩.৩ ওভারেই ৩৬০ রানের টার্গেটে পৌঁছে গিয়েছিল। রোহিত শর্মা করেন ১৪১। বিরাট কোহলি ৫২ বলে ১০০ করেছিলেন। শিখর ধাওয়ান করেন ৯৫।
এর পরেই রয়েছে নাগপুরের জয়, ২০১৩ সালের। ৪৯.৩ ওভারেই ৩৫১ রানের টার্গেটে পৌঁছে গিয়েছিল ভারত। জর্জ বেইলির অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় মহেন্দ্র সিং ধোনির ভারত। শিখর ধাওয়ান ১০২ বলে ১০০ করেন। বিরাট কোহলি ৬৬ বলে ১১৫ রানে অপরাজিত ছিলেন।
২০১৬ সালে সিডনিতে অস্ট্রেলিয়া ৩৩১ রানের টার্গেট দিয়েছিল ভারতকে। ডেভিড ওয়ার্নার ১২২ ও মিচেল মার্শ অপরাজিত ১০২ করেছিলেন। ভারত ৪৯.৪ ওভারে ছয় উইকেটে জেতে। রোহিত শর্মা করেন ৯৯। মণীশ পাণ্ডে ৮১ বলে ১০৪ করেছিলেন।
২০১৯ সালে অ্যাডিলেডে ভারত ৪৯.২ ওভারেই ২৯৯ রানের টার্গেটে পৌঁছে গিয়েছিল। জয় এসেছিল ছয় উইকেটে। বিরাট কোহলি ১১২ বলে অধিনায়কোচিত ১০৪ রানের ইনিংস খেলেন। মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ৫৫ রান করেন। রোহিতের অবদান ছিল ৪৩ রানের।
২০১৭ সালে ইন্দোরে ভারত ৪৭.৫ ওভারে ২৯৪ রানে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। পাঁচ উইকেটে জয় এসেছিল। রোহিত ৭১, অজিঙ্ক রাহানে ৭০ ও হার্দিক পাণ্ডিয়া করেন ৭৮।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া পায়নি প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, মিচেল মার্শকে। প্রাথমিক দলে থেকেও অবসর নেন মার্কাস স্টইনিস। ফলে অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ বোলিং লাইন আপের বিরুদ্ধে প্রথম থেকেই আগ্রাসী ব্যাটিং চালাচ্ছে ভারত। তার মধ্যে কঠিন হলেও রোহিত শর্মার ক্যাচ ফেলেছেন মার্নাস লাবুশেন, বেন ডোয়ারশুইসের বলে।












Click it and Unblock the Notifications