CT 2025, IND vs AUS: হেডকে টার্গেট করার বার্তা শামিকে দিলেন হরভজন, ভারতকেই এগিয়ে রাখলেন পন্টিং
CT 2025, IND vs AUS: আর একটু পরেই দুবাইয়ে শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। ভারত খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে, আজ এগিয়ে থাকবে ভারতই। ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংয়ের বার্তা, শুরু থেকেই টার্গেট করা হোক ট্রাভিস হেডের উইকেট।

২০২৩ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই হোক, বা ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল। ট্রাভিস হেডের শতরানেই ভারতের খেতাব জয়ের স্বপ্ন ভেঙেছে। ট্রাভিস হেড ভারতের বিরুদ্ধে জ্বলে উঠেছেন টেস্ট সিরিজেও।
পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৯ করেছিলেন। অ্যাডিলেড টেস্টে ১৪০ রান করেন। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ১৫২ রানের ইনিংস খেলেছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে পরিত্যক্ত ম্যাচেও ঝোড়ো ৫৯ রানে অপরাজিত থেকে ছন্দে থাকার আভাস দিয়েছেন হেড। সেই হেডই ভারতের সবচেয়ে বড় মাথাব্যথার কারণ।
হরভজন সিং স্টার স্পোর্টসে বলেছেন, ট্রাভিস হেডকে নিয়ে ভয়ের বিষয়টি মন থেকে সরিয়ে রাখতে হবে। দ্রুত তাঁকে আউট করতে হবে। মহম্মদ শামি গত ২টি ম্যাচে উইকেট পাননি। ভাজ্জি বলেন, শামি সাব, ট্রাভিস হেডের কাজ অনেক হয়েছে। এবার আর তাঁকে রান করতে দিলে চলবে না।
সেই সঙ্গে ভাজ্জি ভারতীয় বোলারদের উদ্দেশে বলেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইনগ্লিসরা হার্ড হিটার। প্রচুর চার, ছয় মারেন। তাঁদেরও দ্রুত গতিতে রান তুলতে দেওয়া চলবে না। আজকের ম্যাচটি নকআউট। ফলে খুব বেশি নতুন কিছু করতে যাওয়ার দরকার নেই। ভারত যেভাবে খেলেছে, সেভাবে খেললেই যথেষ্ট।
দুবাইয়ের শুষ্ক, মন্থর, স্পিন সহায়ক পিচে ভারতকেই এগিয়ে রাখছেন পন্টিং। আইসিসি রিভিউয়ে পন্টিং বলেন, ভারতই ফেভারিট হিসেবে শুরু করবে। ভারতকে অন্যত্র যেতে হয়নি। দুবাইয়ের উইকেটেই লাগাতার অনুশীলন করেছে। অস্ট্রেলিয়াকে দুবাইয়ে যেতে হয়েছে প্রস্তুত হতে। আমি অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরছি না তা নয়, তবে ভারতই এগিয়ে থেকে শুরু করবে।
২০২৩ সালে বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারানোর কথা মাথায় রাখলে চলবে না অস্ট্রেলিয়াকে। পরামর্শ পন্টিংয়ের। তাঁর কথায়, ওই রাতের পর ওই ঘটনার কথা ড্রেসিংরুমেই ফেলা আসা উচিত। ভারতীয় দলের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। নতুন কোচ। ভারতও হয়তো সেই বিষয়ে আলোচনা করবে না। কিংবা ওই হারকেই আজকের ম্যাচে মোটিভেশন হিসেবে ব্যবহার করতে পারে।
ম্যাথু শর্ট ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় কারও কথা না ভেবে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককেই একাদশে নেওয়ার কথা বলেছেন পন্টিং। তাঁকে সুযোগ দিলে এই ধরনের বড় ম্যাচে ম্যাকগার্ক জ্বলে উঠবেন বলে আশাবাদী পন্টিং।












Click it and Unblock the Notifications