CT 2025, IND vs AUS: রোহিত-গিল হতাশ করলেন, তবে ভেঙে দিলেন গম্ভীর-বিরাটের কীর্তি
CT 2025, IND vs AUS: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৬৫ রানের টার্গেট তাড়া করছে ভারত। যদিও হতাশ করলেন দুই ওপেনারই।
তবে তারই মধ্যে ঈর্ষণীয় নজির গড়লেন রোহিত শর্মা ও শুভমান গিল। পিছনে ফেলে দিলেন গৌতম গম্ভীর ও বিরাট কোহলির কীর্তিকে।

একদিনের আন্তর্জাতিকে জুটিতে দ্রুততম ২ হাজার রান করার নিরিখে রোহিত ও গিল এদিন বড় নজির গড়লেন। রোহিত-গিল জুটি এই মাইলস্টোন স্পর্শ করল ৩৩তম ইনিংসে। যা ওডিআইয়ে বিশ্বে তৃতীয় দ্রুততম।
এই মাইলস্টোন সবচেয়ে দ্রুত ছুঁয়েছেন পাকিস্তানের বাবর আজম ও ইমাম উল হক। তাঁদের লেগেছিল ২৭টি ওডিআই ইনিংস। দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স জুটিতে ২ হাজার রান পূর্ণ করেছিলেন ২৭টি ইনিংসেই।
রোহিত-গিল জুটির লাগল ৩৩টি ইনিংস। ভারতের ক্ষেত্রে জুটিতে ওডিআইয়ে ২ হাজার রান দ্রুত করার নিরিখে এতদিন অবধি এগিয়ে ছিলেন গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। তাঁদের জুটি এই ঈর্ষণীয় মাইলস্টোন ছোঁয় ৩৪ ইনিংসে।
ফলে একটি ইনিংস কম লাগল রোহিত ও শুভমানের। ইংল্যান্ডের জেসন রয় ও জনি বেয়ারস্টোর জুটিতে ওডিআইয়ে ২ হাজার রান উঠেছিল ৩৪তম ইনিংসেই।
রোহিত শর্মার ফিটনেস নিয়ে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের নেতারা সমালোচনা, কটাক্ষ করা নিয়ে তুঙ্গে বিতর্ক। আজ রোহিত দু-বার জীবন পেয়ে আগ্রাসী ব্যাটিং শুরু করেছিলেন। কিন্তু বড় ইনিংস খেলতে পারলেন না ভারত অধিনায়ক।
দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে নাথান এলিসের বলে ছয় মারেন রোহিত। তার পরের বলেই ক্যাচ গিয়েছিল ব্যাকওয়ার্ড পয়েন্টে। সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি কুপার কনোলি। এরপর তৃতীয় ওভারের শেষ বলে ফের রোহিতের ক্যাচ পড়ে।
২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে যেরকম ক্যাচ ট্রাভিস হেড ধরেছিলেন, অনেকটা তেমনই ক্যাচ উঠেছিল এদিন। বেন ডোয়ারশুইসের বলে। লাবুশেন চেষ্টা করেও বল তালুবন্দি করতে পারেননি। ফলে একবার ১৩ ও একবার ব্যক্তিগত ১৪ রানে জীবন পান রোহিত।
ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে শুভমান গিল বোল্ড হয়ে যান ডোয়ারশুইসের বলে। ১১ বলে ৮ রান করে তিনি সাজঘরে ফিরলে ভারতের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৩০। এরপর ক্রিজে রোহিতের সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি।
অষ্টম ওভারের পঞ্চম বলে রোহিতকে আউট করে দেন কুপার কনোলি। যিনি রোহিতের প্রথম ক্যাচ ফেলেছিলেন। ব্যাট হাতে ওপেন করতে নেমে শূন্য রানে আউটও হন। রোহিত স্যুইপ মারতে গিয়ে লেগ বিফোর হন। রিভিউ নিয়ে রক্ষা পাননি। ভারত অধিনায়ক ২৯ বলে ২৮ রান করে আউট হন। মেরেছেন তিনটি চার ও একটি ছয়। ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ৪৩ রানে। তারপর থেকে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার।












Click it and Unblock the Notifications