CT 2025, IND vs AUS: পন্টিংকে টপকে জয়বর্ধনের পরেই বিরাট, কোহলি ছুঁলেন গেইলকেও
CT 2025, IND vs AUS: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের সামনে জেতার জন্য ২৬৫ রানের লক্ষ্যমাত্রা দিল অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে স্টিভ স্মিথের দল ৪৯.৩ ওভারে শেষ ২৬৪ রানে।
এই ম্যাচেই বিরাট কোহলি পিছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংকে। ছুঁলেন ক্রিস গেইলের নজিরও।

বিরাট কোহলি আজ খেলছেন কেরিয়ারের ৩০১তম একদিনের আন্তর্জাতিক। সবচেয়ে বেশি ওডিআই খেলার নিরিখে তিনি ধরলেন ক্রিস গেইলকে। গেইল ৩০১টি ওডিআই খেলেছেন। তবে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৯৮টি ও আইসিসির হয়ে তিনটি ওডিআই খেলেছেন। বিরাট ভারত ছাড়া অন্য কোনও দলের হয়ে ওডিআই খেলেননি।
আজকের ম্যাচে বিরাট প্রথমে তালুবন্দি করেন জশ ইনগ্লিসের ক্যাচ। রবীন্দ্র জাদেজার বলে আউট হওয়া ইনগ্লিস করেন ১২ বলে ১১ রান। এই ক্যাচের সুবাদে একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের নজির স্পর্শ করেন বিরাট।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ফিল্ডার হিসেবে (উইকেটকিপার ছাড়া) ওডিআইয়ে সর্বাধিক ক্যাচ ধরার রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই ঈর্ষণীয় রেকর্ডটি হাতছাড়া হয়েছিল মহম্মদ আজহারউদ্দিনের।
বিরাট এদিন ইনগ্লিসের পর নাথান এলিসের ক্যাচটিও ধরেন। এলিস মহম্মদ শামির তৃতীয় শিকার হন। করেন ৭ বলে ১০। ৪৯তম ওভারের শেষ বলে এলিস সাজঘরে ফেরেন বিরাট কোহলির হাতে সহজ ক্যাচ দিয়ে। এই ক্যাচেই বিরাট পিছনে ফেললেন পন্টিংকে।
এদিন দুটি ক্যাচ ধরলেন বিরাট। ফলে ৩০১টি ম্যাচে তাঁর ওডিআইয়ে ক্যাচের সংখ্যা বেড়ে হলো ১৬১। রিকি পন্টিং আইসিসি ও অস্ট্রেলিয়ার হয়ে ৩৭৫টি ওডিআই খেলেছেন। তাঁর ক্যাচের সংখ্যা ১৬০। ফিল্ডার হিসেবে ওডিআইয়ে সর্বাধিক ক্যাচ ধরার তালিকার শীর্ষে রয়েছেন মাহেলা জয়বর্ধনে। তিনি এশিয়া ও শ্রীলঙ্কার হয়ে ৪৪৮টি ম্যাচ খেলেছেন। ক্যাচের সংখ্যা ২১৮। আপাতত জয়বর্ধনের পরই চলে এলেন বিরাট।












Click it and Unblock the Notifications