CT 2025: পাকিস্তান ছিটকে যেতেই ডামাডোল! ইমরান-নাজম চাপানউতোর, আফ্রিদি-সানাদের প্রবল কটাক্ষ
CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে আয়োজক পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই নতুন হেড কোচ নিয়োগের প্রস্তুতি নিচ্ছে পিসিবি।
যদিও পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভির সমালোচনাও শুরু হয়েছে। ইমরান খান ও নাজম শেঠির মধ্যেও শুরু হয়েছে প্রবল চাপানউতোর।

১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো ইমরান খান ভারতের কাছে পাকিস্তানের হার দেখে ব্যথিত। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করে এ কথা জানিয়েছেন ইমরানের বোন আলিমা খান।
আলিমা বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ভারতের কাছে পাকিস্তানের পরাজয় দেখে দুঃখপ্রকাশ করেছেন। তাঁর কথায়, সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় পছন্দের লোকজনকে বসিয়ে পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দেওয়া হচ্ছে।
এরপরই প্রাক্তন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করেছেন। তিনি লিখেছেন, পাকিস্তানের মানুষের রেগে যাওয়ার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। ক্রিকেটের সঙ্গে যুক্তরা বলছেন, পাকিস্তান তলানিতে পৌঁছে গিয়েছে। এই পোস্টে ইমরানেরও সমালোচনা করেছেন নাজম।
তিনি লেখেন, যে দল ২০১৮ সালে টি২০-তে ১ নম্বর ছিল, ২০১৬ সালে টেস্টে এক নম্বর ছিল, ১৯৯০ ও ১৯৯৬ সালে ওডিআইয়ে সেরা ছিল, যারা ১৯৯২ সালে বিশ্বকাপ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে তাদের তুলনা হচ্ছে জিম্বাবোয়ের সঙ্গে! কীভাবে এমনটা হতে পারে!
নাজমের দাবি, ২০১৯ সালে এই অধঃপতন শুরু হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী দশকের পর দশক ধরে সাফল্যের সঙ্গে চলে আসা ঘরোয়া ক্রিকেটের খোলনলচে বদলাতে অস্ট্রেলিয়ান হাইব্রিড মডেল আমদানি করেছিলেন। রাজনৈতিক হস্তক্ষেপ চলেছে। পরস্পরবিরোধী নীতি পিসিবিতে নিয়ম হয়ে দাঁড়িয়েছিল।
বিদেশি কোচেদের নিয়ে আসা, সরিয়ে দেওয়া, ইচ্ছেমতো নির্বাচকদের মনোনীত করা থেকে শুরু করে ক্রিকেটারদের ক্ষমতার লড়াই, অধিনায়কদের ইগোর লড়াই, দলের মধ্যে নানা উপদল গোটা ম্যানেজমেন্ট সিস্টেমটাই নষ্ট করে দেয় বলে দাবি করেছেন নাজম।
সমস্যাগুলি চিহ্নিত করে অভিজ্ঞতা, জ্ঞান, পেশাদারিত্বের মাধ্যমে উপযুক্তদের দায়িত্ব দিয়ে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে উপলব্ধি নাজমের। ইমরানের দল আবার প্রশ্ন তুলে দিয়েছে, মহসীন নাকভির পিসিবি চেয়ারম্যানের পদে থাকার যোগ্যতা নিয়েই।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেন, আধুনিক ক্রিকেট যখন এগিয়ে গিয়ে আগ্রাসী ক্রিকেট খেলছে, তখন পাকিস্তান পড়ে রয়েছে আশি, নব্বইয়ের দশকের মতো ক্রিকেটে। প্রচুর ডট বলেই যাবতীয় সমস্যা।
আফ্রিদির মতে, পাকিস্তান ক্রিকেটারদের মানসিকতা আধুনিক ক্রিকেটের সঙ্গে মানানসই নয়। আগ্রাসী প্লেয়ার তুলে আনতে গোটা ব্যবস্থার খোলনলচে বদলের কথা উল্লেখ করেছেন আফ্রিদি।
পাকিস্তান মহিলা দলের প্রাক্তন অধিনায়ক সানা মীরের কথায়, চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল গঠন হয়েছে তাতে মহেন্দ্র সিং ধোনি বা ইউনিস খানের মতো অধিনায়ক থাকলেও কিছু করতে পারতেন না। কেন না, খেলার বিষয় মাথায় রেখে দল গঠন হয়নি।
পাকিস্তান যে কিছু করতে পারবে না তা বোঝা গিয়েছিল দল ঘোষণার সময়েই। ফলে অর্ধেক বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল সে সময়ই। দুবাইয়ে যখন খেলতে হবে জানা ছিল, তখন কেন দুজন পার্ট-টাইম স্পিনার দলে, প্রশ্ন তোলেন সানা। আব্রার আহমেদকে দলে নেওয়াও মানতে পারছেন না তিনি। যোগ্য অনেককে সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর।












Click it and Unblock the Notifications