Bengal Pro T20 League: দুর্ঘটনায় থমকে গিয়েছিল ক্রিকেট, লক্ষ্মীর উদ্যোগেই অভীক মাঠে ফিরছেন মেন্টরের ভূমিকায়
অভীক চৌধুরি, বাংলা ক্রিকেটে নামটা সকলের কাছেই পরিচিত। একটা সময় যাঁকে বাংলার সেরা পেসার-অলরাউন্ডার বলা হতো। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ, সকলে নিশ্চিত ছিলেন যে প্রতিভাবান অভীকের ভারতীয় দলে সুযোগ পাওয়া শুধু সময়ের অপেক্ষা। একটি পথ দুর্ঘটনা তাঁর জীবন, ক্রিকেট কেরিয়ার মুহূর্তে বদলে দেয়। সেই অভীকই এবার ফিরছেন বঙ্গ ক্রিকেটের পরিসরে। সৌজন্যে বেঙ্গল প্রো টি২০ লিগ।
সময়টা ২০০৮-০৯ বাংলার হয়ে খেলতে শুরু করেছেন অভীক চৌধুরি। ২০০৯ সালে গাড়ি দুর্ঘটনা তাঁর জীবনটাই বদলে দেয়। হাঁটার ক্ষমতাই হারিয়ে ফেলেছেন অভীক। কিন্তু তাই বলে তো আর জীবন থেমে থাকে না। সেই অভীক এবার বেঙ্গল প্রো টি২০ লিগে রশ্মি মেদিনীপুর উইজার্ডসের দলের মেন্টর। লক্ষ্মীরতন শুক্লা, অরূপ ভট্টাচার্যদের সঙ্গে এই দলের সাপোর্ট স্টাফ হিসাবে দেখা যাবে লড়াকু অভীককে।

একইসঙ্গে অভীক বলেন, 'ক্রিকেট ছাড়া আমার জীবনে কিছু নেই, যারা ঔ স্তরের ক্রিকেট খেলেছি তাদের কাছে ব্যাট-বলটাই সব। হয়ত মাঠে নেমে খেলতে পারছি না। ভূমিকাটা আলাদা। কিন্তু অনুভূতিটা এক।আমার ক্রিকেটে ফেরার পুরো কৃতিত্বই লক্ষ্মীদার।'
১৮ অক্টোবর, ২০০৯। সকালেই ইডেনে বাংলার অনুশীলন ম্যাচ খেলেছিলেন। পরের দিন বাংলার হয়ে খেলতে ধানবাদ যাওয়ার কথা ছিল। বান্ধবী এবং তাঁর বোনেদের নিয়ে বাইপাসের উপর গাড়ি চালাচ্ছিলেন অভীক। কিন্তু সব বদলে দিয়েছিল একটি দুর্ঘটনা। রুবি মোড়ের কাছে সেই দিন দুপুরে ডিভাইডারে ধাক্কা মারেন অভীক। দুর্ঘটনার পরই সংজ্ঞা হারান। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে দিল্লিতে। কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন কেউ কিছু বলেননি তাঁকে। দিল্লিতে যাওয়ার পর জীবনের নিষ্ঠুর সত্যিটা জানতে পারেন অভীক। দুর্ঘটনায় অকেজো হয়ে গিয়েছে দু'টো পা। আর কোনও দিন ক্রিকেট খেলতে পারবেন না তিনি। ব্যাট-বল নয়, বাকি জীবনে তাঁর সর্বক্ষণের ছায়াসঙ্গী থাকবে হুইলচেয়ার!
প্রাণে বেঁচে গিয়েছিলেন অভীক। কিন্তু শেষ হয়ে গিয়েছে ক্রিকেট খেলা। বাংলার হয়ে তত দিনে রঞ্জি অভিষেক হয়ে গিয়েছিল তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে গোটা সাতেক ম্যাচ খেলা হয়ে গিয়েছে তত দিনে। লিস্ট এ ক্রিকেটে ১৩-টা ম্যাচ। দুর্ঘটনার পর আর ২২ গজে নামা হয়নি, প্রিয় ইডেন থেকেও ছিলেন দূরে। চলতি বছর বাংলার অনুশীলনে একবার আসেন ক্রিকেটারদের মোটিভেট করতে। আগামী ১ মাস প্রায়শই দেখা যাবে ইডেনে। অভীক যে এবার মেন্টর।












Click it and Unblock the Notifications