Champions Trophy: ব্রাত্য লিটন, শাকিবের আন্তর্জাতিক কেরিয়ারও শেষ! বাংলাদেশ দলে সুযোগ পেলেন কারা?
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত হল বাংলাদেশ দল। রবিবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ১৫ সদস্যের দল ঘোষণা করা হল। এই দলে নেই শাকিব আল হাসান এবং লিটন দাস।
নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। দলে রাখা হয়েছে অভিজ্ঞ দুই তারকা মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহকে। আঙুলে চোটের জন্য সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে প্রত্যাবর্তন হল তাঁর। তামিম ইকবাল আগেই অবসর নিয়েছেন। লিটন দাসেরও দলে সুযোগ হল না। হিন্দু সম্প্রদায়ের ক্রিকেটার একমাত্র সৌম্য সরকার।

গত বছর ভারতের বিরুদ্ধে খেলে টেস্ট ক্রিকেটকে শাকিব আল হাসান বিদায় জানিয়েছেন। বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকেও বিদায় জানান। ওডিআই ফর্ম্যাট থেকে এখনও তিনি সরকারি ভানে অবসর ঘোষণা করেননি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওডিআই ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা জানিয়ে ছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না হওয়ায় শাকিবের আন্তর্জাতিক কেরিয়ার প্রায় শেষ হল বলেই ধরে নেওয়া যায়।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে লিটন দাস ওডিআই ফর্ম্যাটে ভালো খেলতে পারছিলেন না। শেষ ৭ ইনিংসে দুই অঙ্কের রান নেই। শেষবার অর্ধশতরান করেছেন গত ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুণেতে। এরপর ১৪ ইনিংসে লিটনের বলার মতো ইনিংস কোনও নেই বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের দুই ম্যাচে করেছিলেন ২৩ ও ৩৬। তবে তঁার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে টি২০ সিরিজে হারায় বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। সেখান থেকে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে পরের দুটি ম্যাচ রয়েছে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। সেই দুটি ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও মুখ্য আয়োজক পাকিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।












Click it and Unblock the Notifications