Champions Trophy: আগামী একদিনের মধ্যেই ভাগ্য চূড়ান্ত হতে পারে বুমরাহের, তারকা পেসারকে নিয়ে রইল বড় আপডেট
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে হাতে গোনা কয়েকটি দিন বাকি, ভারতীয় শিবিরে সব থেকে বড় প্রশ্ন তারকা পেসার জসপ্রীত বুমরাহের খেলা নিয়ে। প্রতিদিনই বুমরাহকে নিয়ে নিত্য নতুন আপডেট পাওয়া যাচ্ছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহ খেলতে পারবেন কিনা তা হয়ত চূড়ান্ত হতে পারে আগামী ২৪ ঘণ্টাতেই।
বুমরাহের বিষয়ে সরকারিভাবে কোনও আপডেট দেয়নি বিসিসিআই। তবে একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আগামীকালেই মধ্যেই গোটা বিষয়টি পরিস্কার হয়ে যেতে পারে। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন জসপ্রীত বুমরাহ। শনিবারই বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর তা জানিয়ে দেওয়া হতে পারে ভারতীয় দলকে এবং নির্বাচকদের। নির্বাচকরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তারকা পেসারের স্ক্যানের রিপোর্টসহ তাঁর পরীক্ষার সমস্ত রিপোর্ট খতিয়ে দেখছেন বোর্ডেরে মেডিক্যাল টিম। এর পাশাপাশি বুমরাহের কাছ থেকেও চোটের পরিস্থিতির আপডেট নেওয়া হচ্ছে নিয়মিত। জানা গিয়েছে, বিসিসিআইয়ের এনসিএর মেডিক্যাল টিম নিজেদের সিদ্ধান্ত নেওয়ার পরে নিউজিল্যান্ডের বিশিষ্ট চিকিৎসক রোওয়ান স্কাউটেনের পরামর্শও নিতে পারেন ।
ইতিমধ্যেই বুমরাহের চোটের জায়গা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বেশ কয়েক দফায় স্ক্যানও করা হয়েছে। কিন্ত চূড়ান্ত ফলাফল এখননও প্রকাশ করেনি বিসিসিআই। আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে স্কোয়াডে পরিবর্তন করতে পারবে দলগুলি। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বুমরাহের বিকল্প নিয়েও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের সদস্যরা।
জানা গিয়েছে, একান্তই বুমরাহ খেলতে না পারলে মহম্মদ সিরাজকে ফের দলে সুযোগ দেওয়া হতে পারে। বুমরাহ গ্রুপ পর্বে একান্ত খেলতে না পারলেও তাঁকে নক আউটের জন্য দলে রাখা হবে। তবে খেলতে না পারলে রিজার্ভ হিসাবে দলে রাখা হবে না। তার পরিবর্তে মানসিকভাবে যিনি খেলার জন্য তৈরি তাঁকে দলে রাখা হবে।
বুমরাহকে দলে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। কিন্তু বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কিনা তা পরিস্কার নয় এখনও। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে তার পরদিনই। অর্থাৎ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ বাংলাদেশ। জসপ্রীত বুমরাহ কি খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? উত্তর পাওয়া যেতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই।
উল্লেখ্য, সিডনি টেস্টের দ্বিতীয় দিনে বুমরাহের পিঠের সমস্যা হয়েছিল(back spasm)। দলের চিকিৎসদের সঙ্গে তাঁকে স্ক্যান করতে যেতে হয়েছিল। এরপর থেকেই সমস্যা শুরু হয়।












Click it and Unblock the Notifications