BCCI: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বীকৃতি, রোহিত-বিরাটদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা বোর্ডের
১২ বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব ঘরে তুলেছে ভারতীয় দল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে গিয়েছে প্রায় দু সপ্তাহ হতে চলল। তবে এতদিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের জন্য কোন আর্থিক পুরস্কার ঘোষণা করেনি বিসিসিআই। অবশেষে আইপিএল বোধনের ঠিক আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
সাধারণত বিশ্বকাপ বা অন্য কোনও আইসিসি খেতাব জিতলে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জয়ী দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেই ছিল ব্যতিক্রম। গত ৯ই মার্চ নিউজিল্যান্ডকে পরাজিত করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারতীয় দল। এরপর ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে বার্তা দেয় বিসিসিআই। কিন্তু সেই বার্তায় ছিল না কোনরকম আর্থিক পুরস্কারের ঘোষণা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর কোনরকম সেলিব্রেশন হয়নি।

অবশেষে বৃহস্পতিবার সকালে বোর্ডের পক্ষ থেকে জানানো হলো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলকে ৫৮ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। টাকার অঙ্কটা চমকে দেওয়ার মতোই। আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফি জেতার জন্য আইসিসির থেকে যতটা পুরস্কারমূল্য পেয়েছে ভারতীয় দল তার থেকেও বেশি টাকা বিসিসিআই দিচ্ছে ভারতীয় দলকে।
বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি বলেছেন, পরপর দুটি আইসিসি খেতাব জিতেছে ভারতীয় দল। এই পুরষ্কার বিশ্ব মঞ্চে ভারতীয় দলের নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়। পর্দার আড়ালে থাকা সকলের কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসাবে এই আর্থিক পুরস্কার। আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ জয়ের পর এটি ২০২৫ সালে আমাদের দ্বিতীয় আইসিসি খেতাব ছিল। ভারতীয় ক্রিকেট কতটা শক্তিশালী তার প্রমাণ দিচ্ছে এই সাফল্যগুলিই।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের এই পুরষ্কার দিয়ে সম্মানিত করতে পেরে বিসিসিআই গর্বিত। বিশ্ব ক্রিকেটে ভারতীয় দলের আধিপত্য বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং কৌশলগত বাস্তবায়নের ফল। এই জয় সাদা বলের ক্রিকেটে ভারতের শক্তিকে মান্যতা দিয়েছে। আমরা নিশ্চিত যে দলটি আগামী বছরগুলিতেও শ্রেষ্ঠত্ব বজায় রাখবে। খেলোয়াড়দের নিষ্ঠা এবং পরিশ্রম স্বীকৃতি পেয়েছে। আমরা নিশ্চিত যে ভারতীয় ক্রিকেট বিশ্ব মঞ্চে আরও সাফল্য পাবে।
আপাতত ভারতীয় ক্রিকেটারদের ফোকাসে শুধুই আইপিএল, এরপর ইংল্যান্ড সিরিজ আছে ভারতীয় দলের।












Click it and Unblock the Notifications