Champions Trophy 2025: রাচিনের শতরানে সহজ জয়, বাংলাদেশের বিদায় নিশ্চিত করে সেমিফাইনাল কনফার্ম নিউজিল্যান্ডের
বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে স্থান নিশ্চিত করে ফেলল নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রের শতরান ভর করে সহজেই জয় হাসিল করল কিউয়িরা। সেই সঙ্গে সেমিফাইনালেও স্থানও নিশ্চিত করে ফেলল নিউজিল্যান্ড। বাংলাদেশের হারে বিদায় নিশ্চিত হয়ে গেল পাকিস্তানেরও।
ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ড দলের। তাসকিন এবং রানা শুরুতেই বল হাতে দাপট দেখান রাওয়ালপিন্ডির পিচে। উইল ইয়ং ০ রানে আউট হলেন তাসকিনের বলে। এরপর উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না কেন উইলিয়ামসন। ৫ রান করেই রানার পেসে পরাস্ত হলেন উইলিয়ামসন।

রাচিন ১০৫ বলে ১১২ রানের দুরন্ত একটা ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং একটি ছক্কা। রাচিনই প্রথম ক্রিকেটার যিনি আইসিসি ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি উভয় টুর্নামেন্টে অভিষেক ম্যাচেই শতরান করলেন।
অর্ধশতরান করলেন টম লাথাম। ৫৫ রান করে রান আউট হলেন। গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করেন।৪৬.১ ওভারে উইকেট ৫ হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কিউয়িরা।
রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। তানজিদ হাসান,, নাজমুল হোসেন শান্ত এই দুই ওপেনার শুরুটা ভালোই করেন প্রথম উইকেটের পতন হয় ৪৫ রানে। ২৪ বলে ২৪ রান করে আউট হলেন তানজিদ হাসান। তিন নম্বরে নেমে মেহিদি হাসান মিরাজ করলেন ১৩ রান।
ত বাংলাদেশ দলের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১০ বলে ৭৭ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার। জাকের আলি ৫৫ বলে ৪৫ রানের ইনিংস খেলে রান আউট হলেন। তিনটি চার এবং একটি ছক্কা মারেন। রিশাদ হোসেন ২৫ বলে ২৬ রান করেন। এই দুই জনের সৌজন্যেই বাংলাদেশ ২০০ রানের গণ্ডি টাপকালো।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে মাইকেল ব্রেসওয়েল ১০ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। উইলিয়াম ও'রোর্ক ১০ ওভারে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন। ম্যাট হেনরি ৯ ওভারে ৫৭ রান দিয়ে ১ উইকেট নেন।
এই ম্যাচ জিতে ২ ম্যাচে চার পয়েন্ট এবং প্লাস ০.৮৬৩ রান রেট নিয়ে গ্রুপ এ তে এক নম্বরে উঠে এল কিউয়িরা। ভারত এখন দ্বিতীয়স্থানে।












Click it and Unblock the Notifications