CT 2025, IND vs NZ: রোহিত নেটে, খেলা নিয়ে ধোঁয়াশাও! সচিনের কীর্তি ভাঙার মুখে ভারত অধিনায়ক
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল ভারতের সামনে নিউজিল্যান্ড। এই ম্যাচে রোহিত শর্মার খেলা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও।
রোহিত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান। যদিও লোকেশ রাহুল ও সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, দলে রোহিত-সহ কারও ফিটনেস সমস্যা নেই।

ভারতকে কালকের পরই মঙ্গলবার সেমিফাইনাল খেলতে হবে। সেক্ষেত্রে দুটি পথ খোলা। রোহিতকে বিশ্রাম দিয়ে আরও কিছুটা তরতাজা রাখা। আরেকটি দিক হলো, সেমিফাইনালের আগে ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া না করা। রাহুল যে দ্বিতীয়টিরই পক্ষে, তা খোলাখুলি জানিয়েছেন।
রোহিত বুধ ও বৃহস্পতিবার নেটে সময় কাটাননি। বৃহস্পতিবার ছিল ভারতীয় দলের অনুশীলনের রেস্ট ডে। ম্যাচের আগে গতকাল পুরোদমে ভারত অনুশীলন করেছে। দুশখাতে বলেন, রোহিত পুরোপুরিভাবে সুস্থ। তিনি ব্যাটিংও করছেন। এই চোট তাঁর আগেও ছিল। তিনি জানেন কীভাবে তা ম্যানেজ করতে হয়।
রোহিত কাল খেললে ভেঙে দিতে পারেন সচিন তেন্ডুলকরের নজির। ভারত অধিনায়ক হিসেবে একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তিনে উঠে আসতে পারেন ছয় রানে। সেজন্য দরকার ৬৮ রান।
রোহিত ভারতকে ৫৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। রান করেছেন ২৩৮৭। পাঁচটি শতরান ও ১৬টি অর্ধশতরান রয়েছে। সচিন তেন্ডুলকর ভারত অধিনায়ক হিসেবে ৭৩টি ওডিআইয়ে ২৪৫৪ রান করেছেন। ৬টি শতরান ও ১২টি অর্ধশতরান রয়েছে।
ফলে আর ৬৮ করলেই ওডিআইয়ে ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান করার নিরিখে সচিনকে পিছনে ফেলবেন রোহিত। একটি শতরান করলে সচিনের ভারত অধিনায়ক হিসেবে ৬টি শতরামের নজিরও স্পর্শ করবেন।
একদিনের আন্তর্জাতিকে ভারত অধিনায়ক হিসেবে ২০০টি ম্যাচে ৬৬৪১ রান রয়েছে মহেন্দ্র সিং ধোনির। বিরাট কোহলির নেতৃত্বে ভারত ৯৫টি ওডিআই খেলেছে, তিনি রান করেছেন ৫৪৪৯। মহম্মদ আজহারউদ্দিন ভারত অধিনায়ক হিসেবে ১৭৪ ম্যাচে ৫২৩৯ রান করে রয়েছেন তিনে। চার ও পাঁচে যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় (১৪৬ ম্যাচে ৫০৮২ রান) ও রাহুল দ্রাবিড় (৭৯ ম্যাচে ২৬৫৮ রান)।












Click it and Unblock the Notifications