CT 2025, IND vs BAN: ওডিআইয়ে ১১ হাজার ক্লাবে রোহিত, বাংলাদেশ ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ে রইলেন বিরাটের পরেই
CT 2025, IND vs BAN: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয়ের পথে এগিয়ে চলেছে ভারত। টার্গেট ২২৯। ওপেনিং জুটিতেই ৯.৫ ওভারে উঠল ৬৯ রান।
দশম ওভারের পঞ্চম বলে রোহিত শর্মা আউট হলেন ৩৬ বলে ৪১ রান করে। মেরেছেন সাতটি চার। তারই ফাঁকে পূর্ণ করলেন ১১ হাজার ওডিআই রান।

রোহিত এদিন ওডিআই কেরিয়ারের ২৬৯তম ম্যাচ খেলছেন। ২৬১তম ইনিংসে তিনি একদিনের আন্তর্জাতিকে ১১ হাজার রানের মাইলফলক ছুঁলেন। আজ তাঁর দরকার ছিল ১২ রান। চতুর্থ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে দুটি চার মারেন রোহিত। দ্বিতীয়টিই তাঁকে পৌঁছে দেয় কাঙ্ক্ষিত মাইলস্টোনে।
কম ইনিংসে ওডিআইয়ে ১১ হাজার রান করার নিরিখে রোহিত রইলেন বিরাট কোহলির পরেই। ২০১৯ সালের জুনে ম্যানচেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচটি বিরাটের কেরিয়ারের ২৩০তম ম্যাচ ছিল। ২২২টি ইনিংস খেলে ওডিআইয়ে ১১ হাজার রানে পৌঁছেছিলেন কোহলি।
রোহিত শর্মা এদিন টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে। ওডিআইয়ে ১১ হাজার রান করতে সচিনের লেগেছিল ২৭৬টি ইনিংস। রিকি পন্টিং ২৮৬, সৌরভ গঙ্গোপাধ্যায় ২৮৮ ও জ্যাক কালিস ২৯৩টি ইনিংসে ১১ হাজার ওডিআই রান স্পর্শ করেছিলেন।
চতুর্থ ভারতীয় ও বিশ্বের দশম ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে ১১ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন রোহিত। আজ ভারত জয় ছিনিয়ে নিলে তা হবে রোহিতের নেতৃত্বে শততম জয়। প্রথম পাওয়ারপ্লে-র শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৬৯।
আজ টস জিতে ব্য়াট করতে নেমে তৌহিদ হৃদয়ের ১০০ ও জাকের আলির ৬৮ রানের দৌলতে বাংলাদেশ তুলেছে ৫০ ওভারে ২২৮ রান। পাঁচ উইকেট নেন মহম্মদ শামি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দ্বিতীয় বোলার হিসেবে তিনি ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। তিনি এদিন ৫৩ রান দিয়ে ৫ উইকেট পেলেন। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবীন্দ্র জাদেজা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।












Click it and Unblock the Notifications