Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির দিনক্ষণ আইসিসিকে জানাল পিসিবি, ভারত কি খেলবে?
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি ফের শুরু হচ্ছে। ২০১৭ সালে শেষবার এই টুর্নামেন্ট হয়েছিল, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্বে। ইতিমধ্যেই পিসিবি আইসিসিকে জানাল তিনটি শহরে কোন সময় এই টুর্নামেন্ট আয়োজনে তারা প্রস্তুত।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, ফেব্রুয়ারির ১৯ তারিখ শুরুর পর ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি। করাচি, রাওয়ালপিণ্ডি ও লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাগুলি হবে বলে ঠিক করেছে পিসিবি।
আপাতত স্থির রয়েছে, উদ্বোধনী ম্যাচ ও একটি সেমিফাইনাল-সহ তিনটি ম্যাচ হবে করাচিতে। লাহোরে হবে ফাইনাল-সহ ৭টি ম্যাচ। রাওয়ালপিণ্ডিতে একটি সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ হবে। তবে পিসিবি এই সিদ্ধান্ত নিলেও এই পরিকল্পনার অনেকটাই নির্ভর করবে ভারতের অবস্থানের উপর।
ভারতের ম্যাচগুলি লাহোরে আয়োজনের পরিকল্পনা করেছে পিসিবি। তার বড় কারণ নিরাপত্তাজনিত বিষয়। এ ছাড়া ওয়াঘা সীমান্তের নিকটবর্তী হওয়ায় লাহোরে অনেক ভারতীয় সমর্থক খেলা দেখতে যেতে পারবেন। ভারত সেমিফাইনালে উঠলে সেই ম্যাচটি করাচি বা রাওয়ালপিণ্ডি থেকে লাহোরে সরানো হবে।
২০০৮ সালের পর ভারত পাকিস্তান সফরে যায়নি। ২০১২-১৩ মরশুমের পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ। বিসিসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার বিষয়টি নির্ভর করবে ভারত সরকারের সবুজ সঙ্কেতের উপরেই।
উল্লেখ্য, ভারত পাকিস্তান যেতে অস্বীকার করায় এর আগে ফাইনাল-সহ এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। চ্যাম্পিয়ন্স ট্রফিও শেষে হাইব্রিড মডেলে হয় কিনা সেটাই দেখার। তবে ২০১৫ সাল থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার পর ভারত বাদে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যান্য দেশগুলি পাকিস্তান সফরে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজও দেশের মাটিতে খেলবে পাকিস্তান।
১৯৯৬ সালের বিশ্বকাপের পর পাকিস্তানে কোনও আইসিসি ইভেন্ট হয়নি। আইসিসির বিভিন্ন আধিকারিকরা পাকিস্তানে গিয়ে নিরাপত্তা, পিচ-সহ যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখে এসেছেন। সমস্ত বিষয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছে বলে দাবি পিসিবির।
পিসিবি যে দিনক্ষণ প্রস্তাব করেছে তাতে টুর্নামেন্টের শেষের দিকে বেশ কয়েকটি ম্যাচ পড়ছে রমজানের মধ্যে। গত বছর রমজানের মধ্যে পড়ায় পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলি রাত ৯টায় শুরু করেছিল পিসিবি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি একদিনের আন্তর্জাতিক, ফলে তা রাত ৯টায় শুরু সম্ভব নয়। যাঁরা রোজা রাখেন, তাঁরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি জল পান করেন না, খাবার খান না। ফলে সেটাও চ্যালেঞ্জিং হতে চলেছে অনেক ক্রিকেটারের কাছেই।












Click it and Unblock the Notifications