CT 2025, PAK vs NZ: বোধনেই পাকিস্তানের বিসর্জনের বাজনা! অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডের দুরন্ত জয়
CT 2025, PAK vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির বোধনেই বেজে গেল গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিদায়ঘণ্টা। আজ করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬০ রানে হারাল নিউজিল্যান্ড।
টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চমবার কোনও ইনিংসে দুই ব্যাটার শতরান হাঁকালেন। উইল ইয়ং ও টম লাথামের শতরানের পর বল হাতে তিনটি করে উইকেট নিলেন উইলিয়াম ও'রোর্ক ও অধিনায়ক মিচেল স্যান্টনার।

পাকিস্তান সফরে গিয়ে আপাতত অপরাজেয় নিউজিল্যান্ড। আজকের আগে ত্রিদেশীয় সিরিজেও পাকিস্তানকে ফাইনাল-সহ দু-বার হারিয়েছিল কিউয়িরা। করাচিতেই জিতেছিল ত্রিদেশীয় সিরিজ। সেখানেই ফের পাকিস্তানকে হারাল মিচেল স্য়ান্টনারের দল।
পাকিস্তানের সামনে ছিল ৩২১ রানের টার্গেট। ৪৭.২ ওভারে ২৬০ রানেই শেষ মহম্মদ রিজওয়ানের দল। ফখর জামান চোটের কারণে দীর্ঘ সময় ফিল্ডিং না করায় তিনি ওপেন করতে পারেননি। চারে নামাতে হয়। ওপেন করতে নেমে ১৯ বলে ৬ রান করেন সাউদ শাকিল।
তিনে নামা অধিনায়ক মহম্মদ রিজওয়ান ১৪ বলে তিন রান করেন। ওপেনার বাবর আজম ৬৪ রান করলেন, খেললেন ৯০ বল। তাঁর ব্যাটিং দেখে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা হয়েছে, পাকিস্তানের অর্থনীতির মতো মন্থর ব্যাট করছেন বাবর!
ফখর জামান ৪১ বলে ২৪, আঘা সলমন ২৮ বলে ৪২, তৈয়াব তাহির ৫ বলে ১, শাহিন শাহ আফ্রিদি ১৩ বলে ১৪, নাসিম শাহ ১৫ বলে ১৩ ও হ্যারিস রউফ ১০ বলে ১৯ রান করেন। খুশদিল শাহ ৪৯ বলে ৬৯ রান করেছেন, মেরেছেন ১০টি চার।
উইলিয়াম ও'রোর্ক ৯ ওভারে ৪৭ ও মিচেল স্যান্টনার ১০ ওভারে ৬৬ রান দিয়ে তিনটি করে উইকেট নেন। একটি মেডেন-সহ ৭.১ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন ম্যাট হেনরি। মাইকেল ব্রেসওয়েল ১টি মেডেন-সহ ১০ ওভারে ৩৮ ও নাথান স্মিথ ২ ওভারে ২০ রান খরচ করে একটি উইকেট নেন। গ্লেন ফিলিপস ৯ ওভারে ৬৩ রান দিয়ে উইকেট পাননি।
এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। ম্যাচের সেরা টম লাথাম ১০টি চারের সাহায্য়ে ১০৪ বলে সর্বাধিক ১১৮ রান করে অপরাজিত থাকেন। ওপেনার উইল ইয়ং করেন ১১৩ বলে ১০৭ রান। গ্লেন ফিলিপস ৩৯ বলে ৬১ রান করেছেন।
নাসিম শাহ ও হ্যারিস রউফ নেন ২টি করে উইকেট। একটি উইকেট পান আব্রার আহমেদ। আজকের ম্যাচ হারায় পাকিস্তানের নেট রান রেট হলো মাইনাস (-) ১.২০০। রবিবার ভারতের বিরুদ্ধে দুবাইয়ে নামবে পাকিস্তান।












Click it and Unblock the Notifications