CT 2025 Final, IND vs NZ: ফাইনালের আগেই বড় ধাক্কা নিউজিল্যান্ডের, ছিটকে গেলেন তারকা পেসার
CT 2025 Final, IND vs NZ: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামার আগে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। চোটের কারণে খেলতে পারছেন না তারকা পেসার ম্যাট হেনরি।
ম্যাট হেনরি চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক উইকেটশিকারী। তিনি ছিটকে যাওয়ায় নিশ্চিতভাবেই সমস্যা বাড়ল কিউয়িদের।

ম্যাট হেনরি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই দারুণ ছন্দে ছিলেন। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। লাহোরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৯ রান দিয়ে পান ২ উইকেট।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে করাচিতে আফগানিস্তানের বিরুদ্ধে হেনরি নেন ২ উইকেট, ৩৭ রান খরচ করে। ৩১ রানে অপরাজিতও ছিলেন। করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ২৫ রান দিয়ে ২ উইকেট দখল করেন।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে ৫৭ রান খরচ করে পেয়েছিলেন ১ উইকেট। ভারতের বিরুদ্ধে গত রবিবার দুবাইয়েই ৪২ রান দিয়ে তুলে নিয়েছিলেন ৫ উইকেট। শুভমান গিল, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামিকে আউট করেন।
লাহোরে দ্বিতীয় সেমিফাইনালেই ঘটে বিপত্তি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন। তবে এই ম্যাচ চলাকালীনই কাঁধে চোট পান তিনি। ৭ ওভারের বেশি বোলিং করতে পারেননি। নিউজিল্যান্ড শিবির অবশ্য আশায় ছিল ফাইনালের আগে হেনরির ফিট হয়ে যাওয়ার ব্যাপারে।
গতকাল নিউজিল্যান্ডের অনুশীলনেও দেখা গিয়েছিল হেনরিকে। যদিও তাঁকে দেখেই মনে হচ্ছিল চোট এখনও বেশ ভোগাচ্ছে। খুব বেশি বল করতেও পারেননি। এরপর আজ সম্প্রচারকারী চ্যানেলে হেনরির বোলিংয়ের কিছু ফুটেজ দেখা যায়।
Heartbreak for Matt Henry ...#ChampionsTrophy pic.twitter.com/p0ORYO1X4k
— Skiddy (@world_choker) March 9, 2025
তা দেখেই স্পষ্ট হয়ে যায় হেনরি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেননি। ডানহাতি জোরে বোলারের ফলো থ্রুতেই পরিষ্কার হয়ে যায় সমস্যামুক্ত হতে পারেননি। এরপর যখন কোচিং স্টাফরা হেনরিকে সান্ত্বনা দিতে যান তখনই নিশ্চিত হওয়া গিয়েছে হেনরির পক্ষে খেলা সম্ভব নয়। গতকাল অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছিলেন, দলের অনুশীলনে হেনরিকে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জেকব ডাফি নাকি নাথান স্মিথ, হেনরির স্থলাভিষিক্ত কে হন তা জানা যাবে টসের সময়েই।












Click it and Unblock the Notifications