CT 2025, IND vs NZ: ২০০-র পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেই বিরাট খেলবেন ৩০০তম ওডিআই! ট্র্যাক রেকর্ড কেন চিন্তার?
CT 2025, IND vs NZ: বিরাট কোহলি কাল খেলতে নামবেন তিনশোতম একদিনের আন্তর্জাতিক। দুবাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত।
বিরাট কোহলি ওডিআই কেরিয়ারের ২০০তম ম্যাচের পর ৩০০তম ম্যাচটিও খেলছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বিরাট কোহলির মাইলস্টোন ম্যাচগুলিতে কিন্তু ভারতের ট্র্যাক রেকর্ড মোটেই আশাব্যাঞ্জক নয়।

অভিষেক ম্যাচ
বিরাট কোহলির একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল ২০০৮ সালে ডামবুলায়। শ্রীলঙ্কা সিরিজের সেই প্রথম ওডিআইয়ে ভারতকে ৯১ বল বাকি থাকতে হারিয়েছিল ৮ উইকেটে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলে বিরাট ওপেন করেছিলেন গৌতম গম্ভীরের সঙ্গে।
সেই ম্যাচে প্রথম ওভারের দ্বিতীয় বলেই গম্ভীর ২ বলে ০ রানে চামিন্ডা ভাসের বলে বোল্ড হন। ভারতের ইনিংসের অষ্টম ওভারের পঞ্চম বলে ওপেনার বিরাট লেগ বিফোর হয়েছিলেন নুয়ান কুলসেকরার বলে। ১টি চারের সাহায্যে ২২ বলে ১২ রান করেছিলেন।
বিরাট প্রথম ওডিআই শতরান পেয়েছিলেন নিজের ১৪তম ম্যাচে। ২০০৯ সালে ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ১০৭।
৫০তম ওডিআই ম্যাচ
বিরাট কেরিয়ারের ৫০তম ওডিআই খেলেছিলেন ২০১১ সালের বিশ্বকাপে নাগপুরে। সেই ম্যাচে ভারতকে ২ বল বাকি থাকতে ৩ উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বিরাট সাতে নেমে ৩ বলে ১ রান করে কেভিন পিটারসেনের বলে তাঁর হাতেই ক্যাচ দেন।
শততম ওডিআই ম্যাচ
বিরাট চ্যাম্পিয়ন্স ট্রফিতেই খেলেন ওডিআই কেরিয়ারের শততম ম্যাচ। ওভালে সেই ম্যাচে ভারত ৬৫ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। বিরাট তিনে নেমে চারটি চারের সাহায্যে ১৮ বলে ২২ রান করেছিলেন। বোল্ড হন সুনীল নারিনের বলে।
১৫০তম ওডিআই ম্যাচ
২০১৫ সালে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে পারথের ওয়াকায় বিরাট ওডিআই কেরিয়ারের ১৫০তম ম্য়াচটি খেলেছিলেন। ইংল্যান্ডের কাছে সেই ম্যাচে ভারত ১৯ বল বাকি থাকতে ৩ উইকেটে পরাস্ত হয়েছিল। বিরাট নেমেছিলেন তিনে। ১৯ বলে ৮ রান করে মঈন আলির বলে জো রুটের হাতে ক্যাচ দেন।
২০০তম ওডিআই ম্যাচ
বিরাট কোহলি ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেন ২০০তম ওডিআই। মুম্বইয়ের ওয়াংখেড়েতে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক বিরাট কোহলি নামেন তিনে। ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১২৫ বলে ১২১ রান করেছিলেন। টিম সাউদির বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন। তবে ২৮১ রানের টার্গেটে কিউয়িরা পৌঁছে গিয়েছিল এক ওভার বাকি থাকতেই। জেতে ৬ উইকেটে।
২৫০তম ওডিআই ম্যাচ
বিরাট কোহলি ২৫০তম ওডিআই ম্যাচটি খেলেছিলেন ২০২০ সালে। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত পরাস্ত হয়েছিল ৫১ রানে। অধিনায়ক বিরাট কোহলি তিনে নেমে ৮৭ বলে ৮৯ রানের ইনিংস খেলেন। মেরেছিলেন সাতটি চার ও ২টি ছয়। ভারতের সামনে টার্গেট ছিল ৩৯০ রানের।












Click it and Unblock the Notifications