CT 2025, IND vs NZ: লারাকে পিছনে ফেলছেন কোহলি! বিরাটের আগে কারা খেলেছেন ৩০০টি ওডিআই?
CT 2025, IND vs NZ: কাল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এটি হতে চলেছে বিরাট কোহলির মাইলস্টোন ম্যাচে।
ব্যাটিং বা ফিল্ডিংয়ে কোহলির সামনে রয়েছে একাধিক নজিরের হাতছানি। নিজের কেরিয়ারের ৩০০তম একদিনের আন্তর্জাতিকে।

বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল ২০০৮ সালের ১৮ অগাস্ট। তাৎপর্যপূর্ণভাবে বিরাটের জার্সি নম্বরও ১৮। ভারত-পাকিস্তান ম্যাচটি ছিল কোহলির কেরিয়ারের ২৯৯তম ওডিআই। সেই ম্যাচে কোহলি অপরাজিত শতরান হাঁকান।
বিরাট কোহলি যদি নিজের ৩০০তম ওডিআই ম্যাচে শতরান হাঁকান তাহলে তা হবে সোনায় সোহাগা। নিঃসন্দেগে তা ঈর্ষণীয় নজির হয়েও থাকবে। বিরাট কোহলির ঠিক আগে যিনি ভারতের হয়ে ৩০০তম ওডিআই খেলেছিলেন, তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৭ সালে।
বিরাট কোহলি বিশ্বের ২২তম ও সপ্তম ভারতীয় হিসেবে ৩০০তম একদিনের আন্তর্জাতিক খেলতে চলেছেন। সবচেয়ে বেশি ওডিআই খেলার নজির রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। সচিন ১৯৮৯ থেকে ২০১২ অবধি ৪৬৩টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন।
সচিন ছাড়া আর যাঁরা চারশোর উপর ওডিআই খেলেছেন তাঁরা হলেন মাহেলা জয়বর্ধনে (৪৪৮), সনৎ জয়সূর্য (৪৪৫) ও কুমার সঙ্গকারা (৪০৪)। এর মধ্যে জয়বর্ধনে এশিয়া ও শ্রীলঙ্কার হয়ে ওডিআই খেলেছেন। সঙ্গকারা খেলেছেন এশিয়া, আইসিসি ও শ্রীলঙ্কার হয়ে।
সর্বাধিক ওডিআই খেলার নিরিখে এরপর রয়েছেন যথাক্রমে শাহিদ আফ্রিদি (৩৯৮), ইনজামাম উল হক (৩৭৮), রিকি পন্টিং (৩৭৫), ওয়াসিম আক্রম (৩৫৬), মহেন্দ্র সিং ধোনি (৩৫০), মুথাইয়া মুরলীধরন (৩৫০), রাহুল দ্রাবিড় (৩৪৪), মহম্মদ আজহারউদ্দিন (৩৩৪), তিলকরত্নে দিলশান (৩৩০), জ্যাক কালিস (৩২৮), স্টিভ ওয়া (৩২৫)।
এ ছাড়াও তিনশোর বেশি ওডিআই খেলেছেন চামিন্ডা ভাস (৩২২), সৌরভ গঙ্গোপাধ্যায় (৩১১), অরবিন্দ ডি সিলভা (৩০৮), যুবরাজ সিং (৩০৪), শন পোলক (৩০৩) ও ক্রিস গেইল (৩০১)। ফলে ভারত যখন মঙ্গলবার সেমিফাইনাল খেলতে নামবে, সেদিন ক্রিস গেইলের নজির ছোঁবেন বিরাট কোহলি। ভারত ফাইনালে উঠলে বিরাট পিছনে ফেলবেন গেইলকে। বিরাট এখন রয়েছেন ব্রায়ান লারার সঙ্গে। লারা খেলেছেন ২৯৯টি ওডিআই।
বিরাট নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩১টি ওডিআইয়ে ১৬৪৫ রান করেছেন। ৬টি শতরান ও ৯টি অর্ধশতরান রয়েছে। ২০২৩ সালের বিশ্বকাপে কিউয়িদের বিরুদ্ধে কোহলি ৯৫ ও ১১৭ রান করেছিলেন। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট করেন ২২। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ জেতানো অপরাজিত ১০০।












Click it and Unblock the Notifications