CT 2025: বিশ্বকাপের প্রতিশোধ! অস্ট্রেলিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার হ্যাটট্রিক ভারতের
CT 2025, IND vs AUS: বিশ্বকাপের ফাইনালে হারের মধুর প্রতিশোধ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে জয় ভারতের।
বিরাট কোহলি এদিন সর্বাধিক ৮৪ রান করলেন। দায়িত্বশীল ইনিংস খেললেন লোকেশ রাহুল। ইতিবাচক ব্যাটিং উপহার দিলেন শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়াও। ২০১৩, ২০১৭ সালের পর টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলবে ভারত।

ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬৫ রানের। প্রথম পাওয়ারপ্লে-তে ১০ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে। দ্বিতীয় পাওয়ারপ্লে-তে ১০.১ ওভার থেকে ৪০ ওভারের মধ্যে ভারত ১৪৫ রান তুলে নেয়, ২ উইকেটের বিনিময়ে।
ওপেনার শুভমান গিল ১১ বলে ৮ ও অধিনায়ক রোহিত শর্মা ২৯ বলে ২৮ রান করেন। এরপর তৃতীয় উইকেট জুটিতে শ্রেয়স আইয়ার ও বিরাট কোহলি যোগ করেন ৯১ রান। শ্রেয়স করেন ৬২ বলে ৪৫, তিনটি চারের সাহায্যে।
অ্যাডাম জাম্পার বলে শ্রেয়স বোল্ড হতেই পাঁচে নামেন অক্ষর প্যাটেল। তিনি করেন ৩০ বলে ২৭। ১টি করে চার ও ছয় মেরেছেন। অক্ষরকে বোল্ড করেন নাথান এলিস। ভারতের চতুর্থ উইকেটটি পড়ে ৩৫তম ওভারের শেষ বলে ১৭৮ রানে।
বিরাট কোহলি যেভাবে খেলছিলেন তাতে শতরানের প্রত্যাশা বাড়ছিল। তাঁর ক্যাচও ফেলেন গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু অজিদের বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের ৯টি ওডিআই শতরানের নজির এদিন ছোঁয়া হলো না বিরাটের।
জাম্পার বলেই বেন ডোয়ারশুইসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিরাট। তিনি পাঁচটি চারের সাহায্যে করলেন ৯৮ বলে ৮৪ রান। শতরান না পেলেও মাহেলা জয়বর্ধনেকে (৭৪২ রান) কোহলি (৭৪৪) চলে এলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার দুইয়ে।
কোহলি আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৪২.৪ ওভারে ৫ উইকেটে ২২৫। এরপর দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ডিয়া। ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৪ বলে ২৮ করে এলিসের শিকার হন হার্দিক। ভারতের তখন জিততে দরকার ৬ রান।
ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ৪৮.১ ওভারেই। লোকেশ রাহুল ২টি করে চার ও ছয় মেরে ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। ১ বলে ২ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ম্যাক্সওয়েলের বলে ছক্কা হাঁকিয়ে জেতালেন রাহুল। ১১ বল বাকি থাকতে চার উইকেটে জিতল বিশ্বের ১ নম্বর দল।
নাথান এলিস ১০ ওভারে ৪৯ ও অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৬০ রান দিয়ে দুটি করে উইকেট নেন। বেন ডোয়ারশুইস ৭ ওভারে ৩৯ ও কুপার কনোলি ৮ ওঊারে ৩৭ রান দিয়ে একটি করে উইকেট নেন।
এর আগে, টস জিতে ব্য়াট করতে নেমে ৪৯.৩ ওভারে অস্ট্রেলিয়া তোলে ২৬৪ রান। অধিনায়ক স্টিভ স্মিথ ৯৬ বলে ৭৩ ও অ্যালেক্স ক্যারি ৫৭ বলে ৬১ রান করেন। ট্রাভিস হেড করেন ৩৯। মহম্মদ শামি তিনটি, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা ২টি করে এবং হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেল ১টি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications