CT 2025, IND vs BAN: মাঝের ওভারে হতাশ করলেন ভারতীয় বোলাররা, দল নির্বাচনে স্বজনপোষণের অভিযোগ
CT 2025, IND vs BAN: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদেশ ম্যাচ যে হাই স্কোরিং হবে না তা বোঝাই যাচ্ছিল। প্রথম দশ ওভারে দাপট দেখান ভারতীয় বোলাররা।
কিন্তু দ্বিতীয় পাওয়ারপ্লে-র ৩০ ওভারে ভারতীয় বোলাররা একটিও উইকেট তুলতে পারলেন না। এই ধরনের টুর্নামেন্টে যেখানে মাঝের ওভারগুলি গুরুত্বপূর্ণ, সেখানে ভারতের এমন পারফরম্যান্স পাকিস্তান ম্যাচের আগে অস্বস্তির কারণ হয়ে থাকল।

বাংলাদেশের পঞ্চম উইকেট পড়ে গিয়েছিল ৮.৩ ওভারে ৩৫ রানে। রোহিত শর্মা যদি জাকের আলির দেওয়া লোপ্পা ক্যাচ প্রথম স্লিপে মিস না করতেন তাহলে স্কোর হতো ৮.৪ ওভারে ৩৫ রানে ছয় উইকেট। কিন্তু তারপর থেকে চূড়ান্ত হতাশ করলেন ভারতীয় বোলাররা।
প্রথম পাওয়ারপ্লে-র শেষে ১০ ওভারে বাংলাদেশের স্কোর ছিল ৫ উইকেটে ৩৯। এরপর ১০.১ থেকে ৪০ ওভার পর্যন্ত বাংলাদেশ তোলে ১২৬ রান, কোনও উইকেট না হারিয়ে। রোহিত শর্মা বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করলেও কাজের কাজটা হচ্ছিল না।
অবশেষে ৪৩তম ওভারের চতুর্থ বলে মহম্মদ শামি ভাঙেন জাকের আলি ও তৌহিদ হৃদয়ের জুটি। ষষ্ঠ উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ১৫৪ রান। জাকের যেখানে গোল্ডেন ডাক নিয়ে ফিরতেন, সেখানে মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ১১৪ বলে ৬৮ রান করে।
এই ক্যাচটি ধরায় ওডিআইয়ে ভারতীয় ফিল্ডার হিসেবে সর্বাধিক ক্যাচ ধরার মহম্মদ আজহারউদ্দিনের নজির স্পর্শ করলেন বিরাট কোহলি। তবে ভারত-পাকিস্তান ম্যাচের আগে এদিন ভারতীয় বোলারদের পারফরম্যান্স মন ভরাতে পারেনি দর্শকদের।
ভারত এদিন খেলায়নি অর্শদীপ সিংকে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মতে, মহম্মদ শামি ও অর্শদীপ সিং শুরু থেকে থাকলে ভারতের বোলিং আরও ক্ষুরধার হতো। অর্শদীপ সিংয়ের ৯টি ওডিআইয়ে ১৪ উইকেট রয়েছে, ইকনমি ৫.১৭। সেখানে হর্ষিত মাত্র তিনটি ওডিআই খেলেছেন এর আগে, ৬ উইকেট নিয়েছেন, ইকনমি ৬.৯৫।
হর্ষিত তো প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেই ছিলেন না। জসপ্রীত বুমরাহ ছিটকে যেতেই তাঁর জায়গা পাকা হয়। অর্শদীপের অভিজ্ঞতাও বেশি। ফলে নেটাগরিকরা নিশানা করছেন গৌতম গম্ভীরকে। ভারতের হেড কোচ হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন গম্ভীর। অর্শদীপকে বসিয়ে গম্ভীর হর্ষিতকে খেলানোয় সোজাসুজি স্বজনপোষণের অভিযোগ উঠেছে।
হর্ষিত রানা এখনও অবধি ৬ ওভার বল করেছেন। ২৯ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আউট করেছেন। গম্ভীর ব্যাটিং লাইন আপে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা বলেন। সেখানে শামির সঙ্গে অর্শদীপ খেললে সেই ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনই হতো।
সেই সঙ্গে ভারত আজ যে তিন স্পিনার খেলাচ্ছে সকলেই বাঁহাতি। ফলে বৈচিত্র্য সেভাবে দেখা যাচ্ছে না। আজ মাঠও ভরেনি। দুবাইয়ে ভারতের ম্যাচ দেখতে ২৫ হাজার দর্শকাসনবিশিষ্ট স্টেডিয়ামের অর্ধেক খালি। ফলে আইসিসিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশ্বের ১ নম্বর দেশের খেলা দেখতে এমন ফাঁকা গ্যালারি ওডিআইয়ের ভবিষ্যৎ নিয়েও সংশয় তৈরি করে গেল।












Click it and Unblock the Notifications