Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটল না আজও, বল বিসিসিআইয়ের কোর্টে
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারিত হলো না আজও। এদিন আইসিসির যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হলো।
বিসিসিআই এখনও হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে শর্তের প্রেক্ষিতে কিছু জানায়নি। সে কারণেই আজ বৈঠক ভেস্তে গেল বলে সূত্রের খবর।

ভারত এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে দল পাঠাবে না জানানোর পরই জটিলতা তৈরি হয়েছে। ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট হওয়ার কথা। ৯০ দিনও হাতে নেই। আইসিসি গ্লোবাল ইভেন্টের সূচি যেখানে ১০০ দিন আগে চূড়ান্ত হয়ে যায়, সেখানে এবারই ব্যতিক্রমী পরিস্থিতি।
জানা যাচ্ছে, লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি জানিয়েছেন, পিসিবিকে পুরোপুরিভাবে আশ্বাস না দেওয়া হলে আইসিসির বৈঠক হবে না। ফলে কবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারিত হবে, সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়েছে, হাইব্রিড মডেলের প্রস্তাব তখনই মানা হবে যখন তা অন্য আইসিসি ইভেন্টগুলির ক্ষেত্রেও মেনে চলা হবে। অর্থাৎ ২০৩১ অবধি না হলেও, অন্তত ২০২৭ সাল অবধি তা মানতেই হবে।
এই সময়কালে ভারতে মহিলাদের ওডিআই বিশ্বকাপ, পুরুষদের টি২০ বিশ্বকাপের মতো হাইভোল্টেজ ইভেন্টগুলি রয়েছে। ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দুবাইয়ে খেলে, সেক্ষেত্রে ভারত যখন আয়োজক দেশ থাকবে তখন আইসিসি ইভেন্টগুলিও একইভাবে হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে।
যদিও সেই প্রস্তাব নিয়ে বিসিসিআই এখনও নিজেদের মতামত জানায়নি বলে খবর। পিসিবি আরও একটি প্রস্তাব দিয়েছে। তা হলো, কোনও আইসিসি ইভেন্ট পুরোপুরিভাবে ভারত বা পাকিস্তানে না হলে দুই দেশের বোর্ড যে আর্থিক ক্ষতির মুখে পড়বে, তা পুষিয়ে দিতে ত্রিদেশীয় আয়োজন করা হোক নিরপেক্ষ দেশে।
এই বিষয়টিও আইসিসি বা বিসিসিআই মানবে কিনা স্পষ্ট নয়। সবমিলিয়ে একটা কথাই বলা যায়, চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হবে কিনা তা নির্ভর করবে বিসিসিআইয়ের সিদ্ধান্তের উপরই। সূত্রের খবর, ভারত নিরাপত্তার কারণে পাকিস্তানে দল পাঠাচ্ছে না।
কিন্তু ভারতে কোনও দেশে নিরাপত্তাজনিত কোনও সমস্যা নেই। ফলে শুধু পাকিস্তানের জন্য হাইব্রিড মডেলে আইসিসি ইভেন্টের আবদার বিসিসিআই মানে কিনা সেটাই বড় প্রশ্ন। না মানলে ফের জটিলতা তৈরি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলে ভারতের ম্যাচগুলি এবং প্রয়োজনে একটি সেমিফাইনাল ও ফাইনাল দুবাইয়ে হবে। পিসিবিকে এ জন্য অতিরিক্ত অর্থও দিতে পারে আইসিসি। কিন্তু পাকিস্তান অনড় মুখরক্ষার জন্য।












Click it and Unblock the Notifications