Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বি-র সব দলেই পরিবর্তন, চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই পেলেন কারা?
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সব দেশই চূড়ান্ত দল ঘোষণা করে দিয়েছে। গ্রুপ বি-তে থাকা চারটি দেশকেই প্রাথমিক দলে রদবদল আনতে হয়েছে।
বেশিরভাগই চোট সমস্যার কারণে। মিচেল স্টার্ক আবার ব্যক্তিগত কারণে নেই। তবে তাঁর স্ত্রী অ্যালিসা হিলি জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা নন। ফলে স্টার্কের সিদ্ধান্তের নেপথ্যে অন্য কারণ। একনজরে দেখে নেওয়া যাক কোন দলে কারা রইলেন শেষ পর্যন্ত।

আফগানিস্তান
আফগানিস্তানকে শেষ মুহূর্তে দল বদলাতে হলো। পিঠের চোটের কারণে আল্লাহ গজনফার ছিটকে গেলেন। তাঁর জায়গায় নেওয়া হয়েছে বাঁহাতি নাঙ্গিয়াল খারোটিকে। আফগানিস্তান পাচ্ছে না তারকা স্পিনার মুজিব উর রহমানকেও।
আফগানিস্তানের সাফল্যের বড় অস্ত্র রশিদ খান। যাঁর ১০০টি ওডিআই উইকেট দখলে লেগেছিল ৪৩টি ম্যাচ। ব্যাটিং বিভাগ অনেকটাই নির্ভর করবে ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজদের উপর। আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন হাশমাতুল্লাহ শাহিদি। পেস বোলিংয়ে কাজে দেবে ফজলহক ফারুকির অভিজ্ঞতা।
আফগানিস্তান- হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, ইক্রাম আলিখিল, গুলবদিন নঈব, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, নূর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক, নাভিদ জাদরান।
অস্ট্রেলিয়া
গোড়ালির চোটের কারণে নেই অধিনায়ক প্যাট কামিন্স। জশ হ্যাজলউডের হিপ ইনজুরি। মিচেল মার্শের পিঠে চোট। সেই সঙ্গে ব্যক্তিগত কারণে খেলবেন না মিচেল স্টার্ক। এই পরিস্থিতিতে ৫০ ওভারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার শক্তি কমল মিনি বিশ্বকাপে।
অস্ট্রেলিয়ার পরিকল্পনা ধাক্কা খেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে থাকা মার্কাস স্টইনিস আচমকা ওডিআই থেকে অবসর নেওয়ায়। স্টিভ স্মিথ অধিনায়কত্ব করবেন। অজিদের চিন্তায় রাখছে মার্নাস লাবুশেনের ফর্ম। ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েলদের অভিজ্ঞতা কাজে লাগবে। অস্ট্রেলিয়া গতকাল শ্রীলঙ্কার কাছে প্রথম ওডিআইয়ে হেরে গিয়েছে।
পেস বোলিং আক্রমণের ভার নিতে হবে অ্যারন হার্ডি, শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, স্পেনসার জনসনদের। স্পিন বিভাগে রয়েছেন অভিজ্ঞ অ্যাডাম জাম্পা। তাঁর সঙ্গী হবেন তনভীর সঙ্ঘা। নজর থাকবে ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের দিকে।
অস্ট্রেলিয়া- স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, স্পেনসার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তনভীর সঙ্ঘা, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।
ইংল্যান্ড
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতে এসে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। একদিনের আন্তর্জাতিক সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। জো রুট বাদে দলের বাকিদের নেট প্র্যাকটিসে অনীহা দেখে সমালোচনায় সরব হয়েছেন কেভিন পিটারসেনের মতো প্রাক্তনীরা।
এই ব্যর্থতা ঝেড়ে ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করতে বদ্ধপরিকর জস বাটলারের দল। চোটের কারণে ছিটকে গিয়েছেন জ্যাকব বেথেল। দলে এসেছেন টম ব্যান্টন। সম্প্রতি আইএল টি২০-তে ২টি শতরান হাঁকিয়েছেন তিনি।
জো রুট কেরিয়ারের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন। বিশ্বকাপের পর ভারতেই প্রথম ওডিআই খেললেন। বাটলার, আদিল রশিদ, মার্ক উডদেরও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অভিজ্ঞতা রয়েছে। নজর থাকবে হ্যারি ব্রুক, জোফ্রা আর্চার, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসনদের দিকে।
ইংল্যান্ড- জস বাটলার (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভার্টন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট, মার্ক উড।
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচেই হেরেছে। চোটের কারণে ছিটকে গিয়েছেন আনরিখ নরকিয়া। ফলে বোলিং শক্তিও দুর্বল হয়েছে। নরকিয়ার পরিবর্ত হয়েছেন করবিন বশ। তেম্বা বাভুমা দলকে নেতৃত্ব দেবেন।
রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলারদের সঙ্গে নজরে থাকবেন পাকিস্তানে ওডিআই অভিষেকে শতরানকারী ও গতকাল অর্ধশতরান হাঁকানো ম্যাথু ব্রিটজকের দিকে। জোরো বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাডা। কেশব মহারাজ, তাবরেজ শামসিদের উপর নির্ভর করবে স্পিন আক্রমণ।
দক্ষিণ আফ্রিকা- তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডার ডুসেন, করবিন বশ।












Click it and Unblock the Notifications