Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সঙ্গে গ্রুপ এ-তে কোন ৩ দেশ? চূড়ান্ত দল, নজরে কারা?
Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণার সময় শেষ। বিভিন্ন দেশই পাচ্ছে না বেশ কয়েকজন তারকাকে। বেশিরভাগই চোট-আঘাতের কারণে।
কেউ আবার ব্যক্তিগত বা অন্যান্য কারণে মূল দলে নেই। এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক গ্রুপ এ-তে কোন দেশগুলি রয়েছে। কাদের দিকেই বা রাখবেন নজর?

ভারত
ভারত পাচ্ছে না জসপ্রীত বুমরাহকে। যশস্বী জয়সওয়ালও মূল দলে সুযোগ পাননি। বরুণ চক্রবর্তী হতে চলেছেন তুরুপের তাস। বুমরাহর জায়গায় চূড়ান্ত দলে রয়েছেন হর্ষিত রানা। টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের ৮ জন ক্রিকেটার রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে।
নজর থাকবে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকে। ভারত এই টুর্নামেন্ট খেলতে নামছে ইংল্যান্ডকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে। ভারতের পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন মহম্মদ শামি। বৈচিত্র্যময় স্পিন আক্রমণও ভারতের বড় শক্তি।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলবে বাংলাদেশ। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সেমিফাইনাল খেলেছিল। ঘোষিত দলে রাখা হয়নি শাকিব আল হাসান ও লিটন দাসকে। মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন তরুণ মুখ।
নাহিদ রানা নিয়মিত ঘণ্টায় দেড়শো কিলোমিটার বেগে বল করেন। নজর থাকবে রিশাদ হোসেনের দিকে। যিনি টি২০ আন্তর্জাতিক ও একদিনের আন্তর্জাতিকে অভিষেকেই ছক্কা হাঁকিয়েছেন।
বাংলাদেশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাউহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মহম্মদ মাহমুদুল্লাহ, জাকের আলি অনীক, মেহিদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মিচেল স্যান্টনার। এই প্রথম তিনি আইসিসি ইভেন্টে অধিনায়কত্ব করবেন। বেশ কিছু তরুণ ক্রিকেটারকে রেখে দল গড়া হয়েছে। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে অপরাজেয় থেকে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।
টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের জায়গা নিতে ভরসা উইল ও'রোর্ক, নাথান স্মিথ, বেন সিয়ার্সরা। ম্যাট হেনরি, লকি ফার্গুসনরাও রয়েছেন। কেন উইলিয়ামসন, ডেভন কনওয়েরা থাকায় ব্যাটিং বিভাগও বেশ সমীহযোগ্য।
নিউজিল্যান্ড- মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্য়ান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও'রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।
পাকিস্তান
পাকিস্তান এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামবে খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়ে। ফখর জামান, বাবর আজম, ফাহিম আশরফরা রয়েছেন। অধিনায়কত্ব করবেন মহম্মদ রিজওয়ান। গতকাল তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত শতরান করেছেন।
এই ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন আঘা সলমন। তবে সাইম আয়ুবকে চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাচ্ছে না পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফদের উপর নির্ভরশীল পাকিস্তানের জোরে বোলিং।
পাকিস্তান- মহম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, তৈয়াব তাহির, ফাহিম আশরফ, খুশদিল শাহ, সলমন আলি আঘা, উসমান খান, আব্রার আহমেদ, হ্যারিস রউফ, মহম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি।












Click it and Unblock the Notifications